আগস্ট ৩০, ২০২৬, ০৭:৩০ পিএম
পটুয়াখালীর দশমিনা উপজেলায় মারুফ মুন্সি নামের এক যুবকের বিরুদ্ধে দেড় বছরের নিজের শিশুসন্তানকে এক লাখ টাকায় বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে। ওই বিক্রির টাকায় তিনি একটি আইফোন কিনেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। শনিবার (২৯ আগস্ট) উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী গ্রামের মুন্সিবাড়িতে এই চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
শিশুটিকে উদ্ধারে ইতোমধ্যে মাঠে নেমেছে দশমিনা থানা পুলিশ। পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য সর্বাত্মক অভিযান শুরু করেছে। পুলিশকে এই চাঞ্চল্যকর ঘটনার কথা জানান অভিযুক্ত যুবকের মা মাহফুজা বেগম।
তিনি জানান, প্রায় চার বছর আগে ঢাকার সাভারের এক তরুণীকে বিয়ে করে বাড়িতে আনেন মারুফ এবং তাঁদের সংসারে এই শিশুটির জন্ম হয়। মাসখানেক আগে পারিবারিক কলহের জেরে মারুফের স্ত্রী বাবার বাড়ি চলে গেলে শিশুটি দাদির কাছেই থাকত। গত শুক্রবার সকালে নাতিকে ঘুরতে নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন মারুফ, কিন্তু রাতে আর ফিরে আসেননি।
পরবর্তীতে খোঁজ নিয়ে জানা যায়, মারুফ ঢাকায় তাঁর মামার বাসায় অবস্থান করছেন এবং জিজ্ঞাসাবাদে তিনি শিশুটিকে এক লাখ টাকায় বিক্রির কথা স্বীকার করেছেন।অভিযুক্ত ব্যক্তি একটি লিখিত চুক্তির মাধ্যমে ইমরান নামের এক ব্যক্তির কাছে শিশুটিকে বিক্রি করেন এবং সেই অর্থ দিয়েই পুরনো আইফোন কেনেন বলে জানা গেছে। শিশুটিকে দ্রুত উদ্ধার করতে পুলিশ কাজ চালিয়ে যাচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন