সেপ্টেম্বর ১১, ২০২৬, ০৯:৩২ পিএম
বগুড়ায় শিক্ষার্থীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াতের সুবিধার জন্য দুটি শিক্ষাপ্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে দুটি স্কুল বাস হস্তান্তর করা হয়েছে। শুক্রবার দুপুর বারোটায় শিবগঞ্জ গ্রামার স্কুল অ্যান্ড কলেজ এবং বেতগাড়ি মীর শাহে আলম বালিকা উচ্চ বিদ্যালয়ের কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের হাতে বাস দুটির চাবি তুলে দেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানান তিনি। অনুষ্ঠানে সমবায় প্রতিমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্ন যাতায়াত ব্যবস্থা গড়ে তোলা প্রশাসনের অন্যতম প্রধান লক্ষ্য। তিনি আরও উল্লেখ করেন, অর্থনৈতিক সংকট উত্তরণ ঘটিয়ে দেশকে টেকসই অগ্রগতির ধারায় নিয়ে যেতে বর্তমান সরকার সামগ্রিক পরিকল্পনা নিয়ে সমন্বিতভাবে কাজ চালিয়ে যাচ্ছে। এ সময় তিনি শিক্ষাঙ্গনের সার্বিক পরিবেশ আরও উন্নত করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
একই অনুষ্ঠানে পা হারানো এক শিক্ষার্থীর পাশে দাঁড়ান প্রতিমন্ত্রী। অনুষ্ঠান চলাকালে শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের শিক্ষার্থী মাহফুজের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। পঞ্চম শ্রেণিতে পড়ার সময় এক দুর্ঘটনায় একটি পা হারালেও অদম্য ইচ্ছাশক্তির জোরে চলতি ২০২৬ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় জিপিএ-পাঁচ অর্জন করে সে। শারীরিক প্রতিকূলতা জয় করা এই মেধাবী শিক্ষার্থীর ভবিষ্যৎ লক্ষ্য ও ইচ্ছার কথা শুনে প্রতিমন্ত্রী তার ব্যক্তিগত তহবিল থেকে কৃত্রিম পা সংযোজনের ব্যবস্থা করার ঘোষণা দেন।
একই সঙ্গে শিক্ষার্থীটির আগামী দিনের উচ্চশিক্ষার যাবতীয় ব্যয়ভার বহনের দায়িত্বও গ্রহণ করেন তিনি। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন