বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের আবারো উত্তেজনা, দুই যুবদল নেতার উপর হামলা

আবু সালেহ মোঃ রায়হান

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ০৯:৩৪ এএম

পঞ্চগড়ে বিএনপির দুই গ্রুপের আবারো উত্তেজনা, দুই যুবদল নেতার উপর হামলা

ছবি: দিনাজপুর টিভি

গত রবিবার সকালে দলীয় কার্যালয়ে দুই পক্ষের হট্টগোল ও সংঘর্ষের রেশ না কাটতেই পঞ্চগড় জেলায় বিএনপির অভ্যন্তরীণ কোন্দল আরও তীব্র রূপ নিয়েছে। এর ধারাবাহিকতায় সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে শহরের সিনেমাহল মার্কেট ও দলীয় কার্যালয়ের সামনে পৃথক হামলায় পৌর যুবদল সভাপতিসহ দুই শীর্ষ নেতা গুরুতর আহত হয়েছেন। এই ঘটনার পর পুরো শহরজুড়ে চরম উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। উভয় পক্ষের সংঘর্ষের জেরে থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

স্থানীয় নেতাকর্মীরা জানান, সোমবার রাত ১০টার দিকে পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের সমর্থকরা একটি সংবাদ সম্মেলন শেষে সিনেমাহল মার্কেটে চা খেতে যান। এ সময় প্রতিপক্ষ পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নওশাদ জমিরের সমর্থক ও পঞ্চগড় পৌর যুবদলের সভাপতি আরিফুল ইসলাম ইরানি এবং তাঁর সহযোগীদের সাথে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উত্তেজনার জেরে তাঁর ওপর অতর্কিত হামলা চালানো হয় এবং ধারালো অস্ত্র দিয়ে তাঁর পেটে আঘাত করা হয় বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাঁকে প্রথমে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে এবং অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

এর কিছু সময় পর পঞ্চগড় বাজার থেকে নিজ বাড়িতে ফেরার পথে দলীয় কার্যালয়ের সামনে পৌঁছালে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশীদের ওপরও হামলা চালানো হয়। প্রতিপক্ষের লোকজন তাঁকে মারধর করার পাশাপাশি তাঁর ব্যবহৃত মোটরসাইকেলটিও ভাঙচুর করেন। পরে তাঁকেও উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. রেজওয়ানুল্লাহ গণমাধ্যমকে জানান, আহত আরিফুল ইসলাম ইরানের পেটের নিচে গভীর আঘাতের চিহ্ন রয়েছে, যার কারণে তাঁকে আশঙ্কাজনক অবস্থায় রংপুরে রেফার করা হয়েছে। এছাড়া অপর আহত নেতাকেও হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

ঘটনার বিষয়ে জানতে চাইলে আহত পৌর যুবদল সভাপতি আরিফুল ইসলাম ইরান অভিযোগ করে বলেন, ময়নুল ইসলাম ও দীপুর নেতৃত্বে তাঁর ওপর নৃশংস হামলা চালানো হয়েছে। তিনি এই ন্যক্কারজনক ঘটনার সুষ্ঠু বিচার দাবি করে অভিযুক্তদের দলীয় বহিষ্কারের দাবি জানান। অন্যদিকে জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান দাবি করেন, ইরান সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রীসহ জেলা নেতাদের নিয়ে বিভ্রান্তিকর পোস্ট দেওয়ায় তাঁরা সংবাদ সম্মেলন করে প্রতিবাদ জানিয়েছিলেন, তবে দুই নেতার ওপর কারা হামলা করেছে সে বিষয়ে তাঁরা অবগত নন।

পরিস্থিতি সামাল দিতে পুলিশ প্রশাসনের ভূমিকা প্রসঙ্গে পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান জানান, বর্তমানে শহরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। তবে যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ বা সহিংসতা এড়াতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং নিয়মিত টহল জোরদার করা হয়েছে। উল্লেখ্য, এর আগে গত রবিবার সকালে জেলা বিএনপির মতবিনিময় সভায় কেন্দ্রীয় মন্ত্রীর উপস্থিতিতে দুই পক্ষের বাকবিতণ্ডার পর রাতের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হওয়ার ঘটনার রেশ ধরেই এই নতুন উত্তেজনার সৃষ্টি হয়েছে।