বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,
বাংলাদেশ ব্যাংক

তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১৫, ২০২৬, ১২:০৪ পিএম

তরুণদের বিনা জামানতে ২০ লাখ টাকা দেবে বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত

তরুণ উদ্যোক্তাদের বিনা জামানতে ২০ লাখ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেবে বাংলাদেশ ব্যাংক। দেশের বেকারত্ব দূর করতে এবং নতুন ব্যবসা প্রসারে সম্প্রতি এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সুবিধার আওতায় আসতে পারবেন কেবল ২৮ বছরের কম বয়সী তরুণরা। উদ্যোগ‍‍` নামের একটি বিশেষ প্রকল্পের আওতায় এই অর্থায়ন করা হবে, যা সরকারের ‍‍`এক গ্রাম এক পণ্য‍‍` লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। 

এই ২০ লাখ টাকার পুরোটাই সাধারণ ঋণ নয়, বরং উদ্যোক্তা ব্যবসায় সফল হলে এর মধ্যে ১০ লাখ টাকা পর্যন্ত অনুদান হিসেবে গণ্য হবে। ব্যাংক যখন নিশ্চিত হবে যে প্রকল্পটি সফলভাবে দাঁড়িয়েছে, তখন বাকি অর্থের ওপর মাত্র ৩ থেকে ৭ শতাংশ হারে সুদ আরোপ করা হবে। কৃষি খাত থেকে শুরু করে যেকোনো ধরনের উদ্ভাবনী কাজে এই তহবিল ব্যবহার করতে পারবেন শহর ও গ্রামের উদ্যোক্তারা।

এই অর্থায়নে কোনো ধরনের জামানত বা মর্টগেজ লাগবে না। কারা এই ঋণ পাবেন, তা বাছাই করতে উপজেলা ও কেন্দ্রীয় পর্যায়ে দুটি পৃথক কমিটি কাজ করবে। প্রথমে স্থানীয় বা বিতরণকারী ব্যাংক পর্যায়ে একটি কমিটি প্রাথমিক আবেদন যাচাই-বাছাই করবে। এরপর সমাজের বিশিষ্ট ব্যক্তি ও ব্যাংকারদের নিয়ে গঠিত কেন্দ্রীয় কমিটির কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য সুপারিশ পাঠানো হবে।

ঋণ পরিশোধের নির্দিষ্ট মেয়াদকাল প্রজ্ঞাপনে স্পষ্ট করা না হলেও, একটি ব্যবসা টেকসই হতে যতদিন প্রয়োজন, ততটাই সময় দেওয়া হবে বলে ধারণা করা হচ্ছে। এই উদ্যোগ সফলভাবে বাস্তবায়িত হলে গ্রামীণ ও শহরতলির অর্থনীতিতে বড় পরিবর্তন আসবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।