সেপ্টেম্বর ১৭, ২০২৬, ০৮:৩৭ পিএম
মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ডের রায়ের প্রতিবাদে তার নিজ এলাকা নোয়াখালীর কোম্পানীগঞ্জে গভীর রাতে মোটরসাইকেল শোডাউন হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে উপজেলার বসুরহাট পৌর বাজার এলাকায় এই মহড়া দেওয়া হয়। মধ্যরাতের এই ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক দেখা দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বিরুদ্ধে আদালতের চূড়ান্ত রায় ঘোষণার পর এই প্রতিক্রিয়া দেখান দলটির নেতাকর্মীরা। কয়েকটি মোটরসাইকেলে করে একদল ব্যক্তি গভীর রাতে বসুরহাট বাজারে জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। বিক্ষোভের পর পৌর এলাকার কয়েকটি স্থানে বিকট শব্দে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে বলে স্থানীয়রা জানান। হঠাৎ এমন উচ্চশব্দ ও স্লোগানে আশপাশের বাসিন্দাদের ঘুম ভেঙে যায় এবং জনমনে চরম উৎকণ্ঠা তৈরি হয়।
ঘটনার বিষয়ে কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, রাত আনুমানিক ৩টার দিকে মোটরসাইকেলে কয়েকজন ব্যক্তি স্লোগান দিয়ে চলে গেছে এমন তথ্য তাদের কাছে এসেছে। তবে ককটেল বিস্ফোরণের কোনো শব্দ তিনি পাননি বলে উল্লেখ করেন। শোডাউনে কারা অংশ নিয়েছিল তাদের শনাক্ত করতে তদন্ত চলছে এবং এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন