বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬,

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২২, ২০২৬, ০৮:২২ পিএম

কুষ্টিয়ায় ট্রলির ধাক্কায় সাবেক সেনা সদস্য নিহত

কুষ্টিয়ার দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় খন্দকার এহসান হাবিব নামে ৬০ বছর বয়সী এক সাবেক সেনা সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার দুপুর আড়াইটার দিকে দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

তিনি ঘটনাস্থলেই মারা যান। নিহত এহসান হাবিব উপজেলার সদর ইউনিয়নের হাকিমপুর গ্রামের মৃত খন্দকার হাসমত আলীর ছেলে। মঙ্গলবার দুপুরে তিনি মোটরসাইকেলে করে দৌলতপুর উপজেলা বাজারের দিকে যাচ্ছিলেন। দৌলতপুর ডিগ্রি কলেজ সংলগ্ন আনসার-ভিডিপি ব্যাংকের সামনে পৌঁছালে পেছন থেকে আসা একটি শ্যালো ইঞ্জিনচালিত স্টিয়ারিং টলি তার মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে প্রাণ হারান।

নিহতের স্বজনদের বরাতে জানা গেছে, এহসান হাবিব আগে থেকেই অসুস্থতায় ভুগছিলেন। দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালেদুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।