সেপ্টেম্বর ২৪, ২০২৬, ০৮:৫৩ পিএম
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সড়কে দেশের প্রথম সাইকেল ট্র্যাকের নির্মাণকাজ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।
বৃহস্পতিবার বিমানবন্দর এলাকার চলমান সড়ক নির্মাণ ও উন্নয়নকাজ পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন জানান, শিগগিরই এই ট্র্যাক আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করা হবে। তিনি বলেন, চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও টেকসই নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নিরাপদ ও বিকল্প যোগাযোগব্যবস্থা নিশ্চিত করা হচ্ছে। এর অংশ হিসেবে পতেঙ্গা সমুদ্রসৈকত ও শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন সড়কে এই সাইকেল ট্র্যাকটি তৈরি করা হয়েছে। চসিকের `চট্টগ্রাম এয়ারপোর্ট রোড সম্প্রসারণ ও অন্যান্য ভৌত অবকাঠামো উন্নয়ন` প্রকল্পের আওতায় প্রায় ২ দশমিক ২ কিলোমিটার দীর্ঘ চার লেনের সড়কটি আধুনিক রূপ পেয়েছে। সড়কের উভয় পাশে ফুটপাত, মাঝখানে কার্বস্টোন দিয়ে তৈরি বিভাজক এবং এক পাশে সবুজ ল্যান্ডস্কেপিং ওয়াকওয়ের সঙ্গে সাইকেল ট্র্যাক রাখা হয়েছে। পৃথক লেনের মাধ্যমে সাইকেল আরোহীদের নিরাপত্তা সুনিশ্চিত হবে।
ডা. শাহাদাত হোসেন উল্লেখ করেন, পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থা সম্প্রসারিত হলে সাধারণ মানুষের মধ্যে শারীরিক চর্চা ও সক্রিয় জীবনযাপনের প্রবণতা বৃদ্ধি পাবে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর চট্টগ্রামের প্রধান প্রবেশদ্বার হওয়ায় প্রতিদিন অসংখ্য দেশি-বিদেশি যাত্রী এই সড়ক ব্যবহার করেন। ফলে এ এলাকার যোগাযোগব্যবস্থা কেবল যান চলাচলের জন্য নয়, নগরের ভাবমূর্তি ও পর্যটনের উন্নয়নের সঙ্গেও প্রত্যক্ষভাবে যুক্ত। পতেঙ্গা সমুদ্রসৈকত ঘিরে সাইকেলভিত্তিক পরিবেশবান্ধব পর্যটনের নতুন সম্ভাবনা তৈরি হচ্ছে বলে জানান চসিক মেয়র। তিনি বলেন, সমুদ্রতীরবর্তী এলাকায় নিরাপদ চলাচলের ব্যবস্থা থাকলে দর্শনার্থীরা স্বাচ্ছন্দ্যে ঘুরে বেড়াতে পারবেন এবং ব্যক্তিগত যানবাহনের ওপর চাপ কমবে।
চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত করতে আন্তর্জাতিক মানের যোগাযোগ এবং আধুনিক নগর অবকাঠামোর কোনো বিকল্প নেই। মেয়র জোর দিয়ে বলেন, শুধু পিচঢালা পথ তৈরি করলেই আধুনিক নগর গড়ে ওঠে না। পথচারীবান্ধব ফুটপাত, সবুজায়ন এবং সাইকেল চলাচলের উপযুক্ত অবকাঠামো নিশ্চিত করা জরুরি। চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যকর, নিরাপদ ও স্মার্ট নগর হিসেবে গড়ে তোলার পরিকল্পনার গুরুত্বপূর্ণ অংশ এই সাইকেল ট্র্যাক। পর্যায়ক্রমে নগরের অন্যান্য প্রধান সড়কেও পথচারী ও সাইকেল আরোহীদের জন্য পৃথক লেন তৈরি করা হবে।
পরিদর্শনকালে চট্টগ্রাম সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী কাজী মো. বোরহান উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন