সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৫:৫৬ পিএম
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে নতুন করে ফাটল ও ধস দেখা দিয়েছে। এতে বাঁধের প্রায় ৬০০ মিটার অংশ তীব্র ভাঙন ঝুঁকির মুখে পড়েছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের কাঁচকোল বাজার ও থানাহাট ইউনিয়নের পুঁটিমারি এলাকার মধ্যবর্তী অংশে প্রায় ৩৫ মিটার এলাকা নদীতে ধসে পড়ে।
শুক্রবার দুপুরে পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এক সপ্তাহ আগে কাঁচকোল বাজার সংলগ্ন এলাকায় বাঁধের প্রায় ২৮ মিটার ধসে গিয়েছিল। এর প্রায় ৬০০ মিটার দূরে পুঁটিমারি বাজার সংলগ্ন আরও ৩০ মিটার অংশের জিও ব্যাগ সরে গিয়ে কংক্রিটের ব্লকে ফাটল দেখা দেয়। সেই ক্ষতি মেরামতের আগেই বৃহস্পতিবার রাতে মধ্যবর্তী আরও ৩৫ মিটার অংশ নতুন করে ধসে পড়ে। এতে কংক্রিটের ব্লক সরাসরি নদে বিলীন হয়ে যাচ্ছে।
নদীপাড়ের বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। কাঁচকোল এলাকার বাসিন্দা আসাদুল ইসলাম জানান, কয়েক দিন ধরে নদে পানি বৃদ্ধির কারণে ভাঙন তীব্র রূপ নিয়েছে। দ্রুত কার্যকর ব্যবস্থা না নিলে পুরো বাঁধ, বসতবাড়ি ও আবাদি জমি নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। চলতি বছরের জুলাই মাসে তিন দফায় একই বাঁধে ধস দেখা দিলে বালুভর্তি জিও ব্যাগ ফেলে পরিস্থিতি সামাল দেওয়া হয়েছিল। মাত্র দুই মাসের ব্যবধানে আবারও একই বাঁধে ভাঙন শুরু হলো।
রংপুর বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান জানান, প্রায় ৬০০ মিটার এলাকা জুড়ে চারটি পয়েন্টে ফাটল ও ধসের মাত্রা নিরূপণ করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে দ্রুত বালুভর্তি জিও ব্যাগ ফেলে জরুরি প্রতিরক্ষা কাজ শুরু করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন