অক্টোবর ১৮, ২০২৬, ০৯:০৬ পিএম
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনে পঞ্চগড়ের সীমান্ত এলাকার পূজা মণ্ডপগুলোতে দিনরাত কড়া নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ। পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে এ বিশেষ নজরদারি চালানো হচ্ছে।
রোববার রাতে জেলার আটোয়ারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের শিকটিহাড়ি দুর্গা মন্দির পরিদর্শন করেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। পরিদর্শনকালে তিনি সংশ্লিষ্ট মন্দির কমিটির সভাপতিসহ স্থানীয় ব্যক্তিদের সঙ্গে পূজার সার্বিক ব্যবস্থাপনা নিয়ে মতবিনিময় করেন। একই সঙ্গে ব্যাটালিয়নের পক্ষ থেকে মন্দির কমিটির সভাপতির হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি।
পূজা চলাকালে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি প্রতিরোধে বিজিবির নিয়মিত টহল ও কড়া নজরদারি অব্যাহত থাকবে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস। জরুরি প্রয়োজনে কিংবা কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে তাৎক্ষণিক সহায়তা পেতে বিজিবির দেওয়া নির্দিষ্ট হটলাইন নম্বরে যোগাযোগের পরামর্শ দেন তিনি।
এরপর তোড়িয়া ইউনিয়নের বারঘাটি দুর্গা মন্দির পরিদর্শন করেন ১৮ বিজিবির অধিনায়ক। সেখানেও তিনি মন্দির কমিটির সভাপতি ও ভক্তদের সঙ্গে কথা বলে নিরাপত্তা ব্যবস্থার খোঁজ নেন এবং কমিটির হাতে উপহার সামগ্রী পৌঁছে দেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন