রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

দুর্গাপূজায় বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে জানালেন মির্জা আব্বাস

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ০৯:৩৪ পিএম

দুর্গাপূজায় বিএনপির সহযোগিতা অব্যাহত থাকবে জানালেন মির্জা আব্বাস

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে ও উৎসবমুখর পরিবেশে উদযাপনে সনাতন ধর্মাবলম্বীদের পাশে থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) নেতাকর্মীরা পূর্ণ সহযোগিতা অব্যাহত রাখবেন বলে জানিয়েছেন মির্জা আব্বাস।

তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা।

রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহজাহানপুর এলাকার পূজামণ্ডপ পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের সামনে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মির্জা আব্বাস। উৎসব আয়োজনে দলীয় অবস্থান তুলে ধরে তিনি জানান, যেকোনো পরিস্থিতি মোকাবিলা ও মণ্ডপগুলোর সার্বিক সুরক্ষায় স্থানীয় নেতাকর্মীদের সক্রিয় সহযোগিতা চালিয়ে যেতে দলীয়ভাবে স্পষ্ট নির্দেশনা দেওয়া হয়েছে।

শাহজাহানপুরের কর্মসূচি শেষে মির্জা আব্বাস মতিঝিল এলাকার বেশ কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন। এ সময় তিনি মণ্ডপ সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে চলমান পূজার সার্বিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নেন।