অক্টোবর ১৮, ২০২৬, ১০:৪৩ পিএম
ইরান সামরিক ও অর্থনৈতিক—উভয় দিক থেকেই পদ্ধতিগতভাবে ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তেহরান যদি দ্রুত নিজেদের কর্মকাণ্ড ও নীতি পরিবর্তন না করে, তবে যুক্তরাষ্ট্র এই ধ্বংসের কাজ পুরোপুরি সম্পন্ন করবে বলেও কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ডোনাল্ড ট্রাম্প জানান, ইরান যদি তাদের আচরণে দ্রুত পরিবর্তন না আনে, তবে খুব শিগগিরই যুক্তরাষ্ট্র বাকি পদক্ষেপগুলো শেষ করবে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর প্রতি সরাসরি রাজনৈতিক সমর্থন জানিয়ে দেওয়া ওই বার্তায় তেহরানকে লক্ষ্য করে এই আক্রমণাত্মক বক্তব্য তুলে ধরেন মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দাবি, ইসরায়েলে অন্য কোনো নেতৃত্ব থাকলে ওয়াশিংটনকেই সরাসরি সামনে এসে এই পদক্ষেপ নিতে হতো। তবে নিজের অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, তিনি ব্যক্তিগতভাবে এমন সংঘাতে সরাসরি জড়াতে আগ্রহী নন।
ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘস্থায়ী রাজনৈতিক ও সামরিক টানাপোড়েনের মধ্যেই ট্রাম্পের এই মন্তব্য প্রকাশ্যে এল। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এই বক্তব্যের মাধ্যমে সামরিক পদক্ষেপের পাশাপাশি ইরানের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতির ওপর ওয়াশিংটনের কঠোর অবস্থানের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন