রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬,

শাহজালাল বিমানবন্দরে মনিটরে দেখা যাচ্ছে লাগেজ মিলছে দ্রুততম সময়ে

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৮, ২০২৬, ০৯:৫৯ পিএম

শাহজালাল বিমানবন্দরে মনিটরে দেখা যাচ্ছে লাগেজ মিলছে দ্রুততম সময়ে

ছবি: সংগৃহীত

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে লাগেজ খালাস ও সরবরাহ প্রক্রিয়ায় যুক্ত হয়েছে সরাসরি নজরদারি ব্যবস্থা। লাগেজ বেল্ট এলাকায় স্থাপিত বড় পর্দায় এখন উড়োজাহাজ থেকে লাগেজ নামানো ও বেল্টে আসার দৃশ্য যাত্রীরা সরাসরি দেখতে পাচ্ছেন।

বিমানবন্দরের মোট আটটি লাগেজ বেল্ট এলাকায় বসানো হয়েছে ৩২টি সিসি ক্যামেরা এবং ১৮টি বড় মনিটর। এই মনিটরগুলোর মাধ্যমে যাত্রীরা উড়োজাহাজ থেকে লাগেজ খালাস শুরু হওয়া থেকে বেল্টে পৌঁছানো পর্যন্ত পুরো গতিবিধি সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন।

নতুন এই পদক্ষেপের ফলে যাত্রী ভোগান্তিতে বড় পরিবর্তন এসেছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা। আগে লাগেজ কাটাছেঁড়া বা চুরির যে শঙ্কা কাজ করত, এই মনিটরিং ব্যবস্থার ফলে তা অনেকটাই দূর হবে বলে মনে করছেন যাত্রীরা। এছাড়া পণ্য খালাসের সময় লাগেজ ছুড়ে ফেলা হচ্ছে কি না, তা-ও এখন স্পষ্ট দেখা যাচ্ছে।

গতিবিধি সরাসরি দেখার পাশাপাশি লাগেজ হাতে পাওয়ার সময়ও লক্ষণীয়ভাবে কমেছে। যাত্রীরা জানিয়েছেন, এখন উড়োজাহাজ অবতরণের পর ১৫ থেকে ৪০ মিনিটের মধ্যেই অধিকাংশ লাগেজ হাতে পাওয়া যাচ্ছে। অনেকে ১৫ থেকে ২০ মিনিটের মধ্যেও লাগেজ বুঝে পেয়েছেন। দীর্ঘক্ষণ বেল্টের সামনে অপেক্ষার ভোগান্তি কমার পাশাপাশি বিমানবন্দরের দীর্ঘদিনের ট্রলি সংকটও আগের চেয়ে অনেকটা হ্রাস পেয়েছে।

বিমানবন্দর সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই উদ্যোগের ফলে লাগেজ হ্যান্ডলিং ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত হবে। কর্মীরা যেমন জানেন যাত্রীরা তাদের কাজ সরাসরি দেখছেন, তেমনি যাত্রীরাও কাজের অগ্রগতি সম্পর্কে স্পষ্ট ধারণা পাচ্ছেন। এর ফলে উভয় পক্ষের মধ্যে আস্থার পরিবেশ তৈরি হচ্ছে। তবে ইতিবাচক এই উদ্যোগের ধারাবাহিকতা দীর্ঘমেয়াদে কতটা বজায় থাকে, সেদিকেই এখন নজর সংশ্লিষ্ট মহলের।