মোঃ সোলায়মান গনি
সেপ্টেম্বর ২২, ২০২৫, ১০:১৮ পিএম
ছবি-দিনাজপুর টিভি
কুড়িগ্রামের উলিপুরে সাবেক মহিলা ইউপি সদস্য সাহেরা বেগম (৭০)-এর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলার গুনাইগাছ ইউনিয়নের রামদাস ধনিরাম খেয়ারপাড় গ্রামে এই ঘটনা ঘটে।
সকাল ১০টার দিকে খবর পেয়ে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
নিহতের বড় ছেলে শাখাওয়াত হোসেন বাবলু দাবি করেন, তার মা দীর্ঘদিন ধরে অসুস্থ ও মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন এবং একাধিকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তিনি জানান, ভোরে রান্নাঘরে গিয়ে ধারালো বটি দিয়ে নিজের গলা কেটে সাহেরা বেগম আত্মহত্যা করেছেন।
নিহতের পুত্রবধূ বিউটি বেগম বলেন, সাহেরা বেগম প্রায়ই রাতে ঘুম না হলে হাঁটাহাঁটি করতেন। আজ ভোরে বিছানায় না পেয়ে খুঁজতে গিয়ে রান্নাঘরে তার রক্তাক্ত দেহ দেখতে পান। পাশে একটি রক্তমাখা বটি ছিল।
এলাকাবাসীর মতে, সাহেরা বেগম একজন নিবেদিতপ্রাণ সমাজসেবী ও রাজনীতিবিদ ছিলেন। তিনি গুনাইগাছ ইউনিয়ন পরিষদের সদস্য এবং একসময় ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। তার মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিল্লুর রহমান জানান, "প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলেই মনে হচ্ছে। তবে তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুড়িগ্রাম সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।"