অক্টোবর ৪, ২০২৫, ০৮:৪৮ পিএম
চুয়াডাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর মধ্যে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে একটি পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে দশটা থেকে বেলা পৌনে বারোটা পর্যন্ত সীমান্ত পিলার ১০৫-এর কাছে শূন্যরেখায় বাংলাদেশ অংশে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত হত্যা বন্ধ, চোরাচালান প্রতিরোধসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন ৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানসহ দশজনের একটি প্রতিনিধি দল। ভারতের পক্ষে নেতৃত্ব দেন ১৬১ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সুভাস চন্দ্র গাগুয়ারসহ তেরো সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের শুরুতে উভয় বাহিনীর কমান্ডার একে অপরকে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
আলোচনায় সীমান্ত হত্যা বন্ধ, মানব পাচার, মাদক চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ করে সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখার ওপর জোর দেওয়া হয়। এসময় বিএসএফের পক্ষ থেকে সীমান্ত পিলার ৮৭ থেকে ৯২/৮-আর পর্যন্ত কাঁটাতারবিহীন অংশে বেড়া নির্মাণের প্রস্তাব দেওয়া হয়। জবাবে বিজিবি অধিনায়ক জানান, বর্তমান ভৌগোলিক পরিস্থিতি বিবেচনায় এ বিষয়ে নতুন করে যৌথ পরিদর্শনের প্রয়োজন রয়েছে এবং তিনি একটি নতুন প্রস্তাবনা পাঠানোর পরামর্শ দেন।
এছাড়াও, কাঁটাতারবিহীন এলাকাগুলোতে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে উভয় পক্ষই টহল কার্যক্রম জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়াতে সম্মত হয়েছে। বৈঠক শেষে উভয় কমান্ডার সীমান্ত পিলার ১০৫ পরিদর্শন করেন এবং ভবিষ্যতেও দুই বাহিনীর মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন