রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

কুরআন অবমাননা: মধ্যরাতে নর্থ সাউথের ছাত্র অপূর্ব

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ০৩:৪৮ পিএম

কুরআন অবমাননা: মধ্যরাতে নর্থ সাউথের ছাত্র অপূর্ব

ছবি - সংগৃহীত

পবিত্র কুরআন অবমাননার অভিযোগে রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অপূর্ব পালকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দিবাগত মধ্যরাতে বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে আটক করা হয়। আটকের আগে বিক্ষুব্ধ ছাত্র-জনতা তাকে গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে পুলিশের পাহারায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে অপূর্ব পালের বিরুদ্ধে পবিত্র কুরআন অবমাননার অভিযোগ ওঠে। এ নিয়ে অন্য শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত শিক্ষার্থীকে ক্যাম্পাস থেকে বের করে দেয়। তবে এই ঘটনার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে উত্তেজনা বাড়তে থাকে।

অভিযুক্ত শিক্ষার্থী নিজেও তার ফেসবুক আইডি থেকে অবমাননাকর ভিডিও আপলোড করেছেন বলে অভিযোগ রয়েছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে।এরই জেরে শনিবার দিবাগত রাত একটার পর থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় অপূর্ব পালের বাসার সামনে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা জড়ো হয়ে তার গ্রেফতারের দাবিতে বিক্ষোভ শুরু করেন। খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে আটক করার চেষ্টা করে।

এসময় বিক্ষুব্ধ জনতা পুলিশের কাছ থেকে তাকে ছিনিয়ে নিয়ে মারধর শুরু করে। পরবর্তী সময়ে পুলিশ তাকে উদ্ধার করে রাত সাড়ে তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।এ বিষয়ে ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে অভিযুক্তকে আটক করতে গেলে উপস্থিত ছাত্র-জনতা পুলিশের ওপরও ক্ষিপ্ত হয়ে ওঠে। বর্তমানে অভিযুক্ত অপূর্ব পাল পুলিশি হেফাজতে হাসপাতালে চিকিৎসাধীন আছেন এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।