বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হবে? কী জানাল ঐকমত্য কমিশন?

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৫, ২০২৫, ১০:৫৬ পিএম

জুলাই সনদ বাস্তবায়নে গণভোট হবে? কী জানাল ঐকমত্য কমিশন?

ছবি - সংগৃহীত

বহুল আলোচিত ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়নের প্রক্রিয়ায় বড় ধরনের অগ্রগতি সাধিত হয়েছে। সনদটি কার্যকর করার পদ্ধতি হিসেবে গণভোট আয়োজনের বিষয়ে দেশের রাজনৈতিক দলগুলো ঐকমত্যে পৌঁছেছে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

রোববার (৫ অক্টোবর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে চতুর্থ দফা সংলাপ শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। আলী রীয়াজ বলেন, “জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের জন্য জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। তাদের সম্মতির জন্য গণভোট আয়োজনে সকল রাজনৈতিক দল একমত হয়েছে, যা বাস্তবায়ন প্রক্রিয়ার প্রথম বড় পদক্ষেপ।”

তিনি আরও জানান, দলগুলোর মধ্যে পারস্পরিক আলাপ-আলোচনার ফলস্বরূপ আজ গণভোট ও সাংবিধানিক সংস্কার নিয়ে একটি অভিন্ন অবস্থান তৈরি হয়েছে। পূর্বে কয়েকটি দল সংবিধানের ১০৬ অনুচ্ছেদের মাধ্যমে সুপ্রিম কোর্টের মতামত নেওয়ার কথা বললেও, বর্তমান আলোচনায় তারা সেই অবস্থান থেকে সরে এসেছে এবং গণভোটের পদ্ধতিকেই সমর্থন জানিয়েছে।

অধ্যাপক রীয়াজ রাজনৈতিক দলগুলোকে তাদের ‘সহনশীলতা’ ও জাতীয় স্বার্থে দলীয় অবস্থান থেকে সরে আসার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, কমিশনের অগ্রগতির বিষয়টি সকালে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে অবহিত করা হয়েছে এবং তিনি দ্রুততার সঙ্গে সুপারিশ চূড়ান্ত করার তাগিদ দিয়েছেন। কমিশনের বর্ধিত মেয়াদ অর্থাৎ ১৫ অক্টোবরের মধ্যেই সরকারকে চূড়ান্ত সুপারিশ দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

ব্রিফিংয়ে আরও উপস্থিত ছিলেন কমিশন সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদারসহ অন্যান্যরা।