বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

নবী’ শব্দের অর্থ সংবাদবাহক, তাই নবীজি (সা.) সাংবাদিক ছিলেন

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ৮, ২০২৫, ০৬:২৩ পিএম

নবী’ শব্দের অর্থ সংবাদবাহক, তাই নবীজি (সা.) সাংবাদিক ছিলেন

ছবি - সংগৃহীত

ইসলামী চিন্তাবিদ ও জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতি আমির হামজা বলেছেন, ‘নবী’ শব্দের শাব্দিক অর্থ সংবাদবাহক এবং সেই অর্থে মহানবী হযরত মুহাম্মদ (সা.) একজন সাংবাদিক ছিলেন।বুধবার (৮ অক্টোবর) সকালে কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সঙ্গে জামায়াতে ইসলামীর এক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।

মুফতি আমির হামজা বলেন, “আমরা যাকে নেতা হিসেবে মানি তিনি মোহাম্মদ রাসুলুল্লাহ (সা.)। ওনাকে আল্লাহ দুনিয়াতে যে নাম দিয়ে পাঠিয়েছিলেন তা হলো নবী। নবী শব্দের শাব্দিক অর্থ সংবাদবাহক। আর সংবাদ যারা বহন করেন তাদের আমরা সাংবাদিক বলি। এ অর্থে নবীজি (সা.) সাংবাদিক ছিলেন।”

কোরআনের উদ্ধৃতি দিয়ে তিনি আরও বলেন, আল্লাহ নবীকে যেমন সংবাদ পৌঁছে দেওয়ার কষ্টকর দায়িত্বের জন্য পুরস্কারের ঘোষণা দিয়েছেন, তেমনি কিয়ামত পর্যন্ত যারা সততার সঙ্গে সাংবাদিকতার মতো এই দায়িত্ব পালন করবেন, আল্লাহ তাদেরও পুরস্কৃত করবেন।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমির অধ্যাপক মাওলানা আবুল হাসেম। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের যশোর ও কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মুহসিন। সভায় কুষ্টিয়া জেলার চারটি সংসদীয় আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীরা এবং কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।