অক্টোবর ২৪, ২০২৫, ১১:২১ পিএম
চাঁদপুরের মতলব উত্তরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলে (বিএনপি) সহস্রাধিক সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষ যোগ দিয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের হিজলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দুর্গাপুর ইউনিয়ন বিএনপি আয়োজিত এক মতবিনিময় সভা শেষে তারা আনুষ্ঠানিকভাবে এই যোগদান করেন। নবাগতদের ফুল দিয়ে বরণ করে নেন দলটির নেতারা। এই যোগদান অনুষ্ঠানটি স্থানীয় রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর-২ (মতলব উত্তর-দক্ষিণ) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী তানভীর হুদা। তিনি বলেন, বাংলাদেশে এখন ঐক্য ও শান্তির রাজনীতি প্রয়োজন এবং বিএনপি সেই ঐক্যের প্রতীক। তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা বাংলাদেশের নাগরিক। সবার অধিকার সমান। বিচার পাওয়ার, মত প্রকাশের ও সম্মানের অধিকার সকলের জন্য নিশ্চিত করতে হবে।’
তানভীর হুদা উল্লেখ করেন, সমাজ ও দেশ গড়ার লক্ষ্যে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে, তবেই কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে।সাবেক ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, ‘গত ১৭ বছর আওয়ামী লীগ দেশটাকে খালি করে দিয়েছে। এখন সেই দেশকে নতুন করে গড়তে পরিকল্পনা দরকার, আর সেই পরিকল্পনা রয়েছে বিএনপির ৩১ দফায়।’ তিনি আশ্বাস দেন যে, সকল ধর্মের মানুষই এই দেশের নাগরিক এবং বিএনপি সবার সমান অধিকারে বিশ্বাসী।
এই যোগদান অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী নেতা নারায়ণ চন্দ্র মণ্ডলের সভাপতিত্বে ও শ্যামল চন্দ্র দাসের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন দূর্গাপুর জনকল্যাণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার সূত্রধর, চরকালিয়া দূর্গাপূজা মণ্ডপের সভাপতি সূদীর বিশ্বাস এবং উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সাবেক সভাপতি বাবু জ্যোতিষ চন্দ্র কীর্তনিয়া প্রমুখ।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন