অক্টোবর ২৫, ২০২৫, ০১:০১ পিএম
জমিয়তে উলামায়ে ইসলামের নারায়ণগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি মনির হোসাইন কাসেমী বলেছেন, তারা জামায়াতে ইসলামীকে পছন্দ করেন না এবং দলটিকে ভোট দেওয়া জায়েজ নেই। তিনি বলেন, ‘আমরা ইসলামকে সাপোর্ট করি, ইসলাম আমার প্রাণের স্পন্দন, ইসলামের জন্য মরতে পারি। কিন্তু সেই ইসলাম হতে হবে মদীনার ইসলাম। সেটা জামায়াতে ইসলাম না।’ শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে কাসেমী পরিষদের উদ্যোগে কুতুবপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের লামাপাড়া এলাকায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মুফতি মনির হোসাইন কাসেমী জামায়াতের প্রতীক ‘পাল্লা’র সমালোচনা করে একটি উদাহরণ দেন। তিনি বলেন, পাল্লা হলো ন্যায় ও ইনসাফের প্রতীক। কিন্তু সেই পাল্লাতেই অসাধু ব্যবসায়ীরা নিচ দিয়ে বাটখারা লাগিয়ে এক কেজির স্থলে ৮০০ গ্রাম ফল দেয়। তিনি বলেন, ‘পাল্লা আমরা পছন্দ করি, কিন্তু ৮০০ গ্রামের পাল্লাকে সাপোর্ট করি না। আমরা ৮০০ গ্রামের জামায়াতে ইসলামীকে পছন্দ করি না।’ এ সময় তিনি অন্যান্য ইসলামী দলেরও সমালোচনা করে বলেন, নির্বাচন সামনে এলে অনেক ইসলামী দলের প্রার্থী জান্নাতের টিকেট বিলি করে, কেউ কেউ আবার রোজা ও পূজা এক করে ফেলে এবং মন্দিরে গিয়ে গীতা পাঠ করে।
নারায়ণগঞ্জের স্থানীয় রাজনীতির সমালোচনা করে তিনি বিদায়ী সংসদ সদস্য শামীম ওসমানকে ইঙ্গিত করে বলেন, ‘আগের এমপি আমাদের ফতুল্লায় থাকতেন না। তাই সমস্যা সমাধান করেননি। বড় বড় কথা বলেছেন, কিন্তু কাজ করেননি। তাই অল্প বৃষ্টিতেই পুরো ফতুল্লা আজ পানিতে তলিয়ে যায়।’ মুফতি কাসেমী ভোটারদের কাছে প্রতিশ্রুতি দেন, তিনি নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে জলাবদ্ধতা, গ্যাস ও বিদ্যুৎ সমস্যার সমাধান করবেন এবং এলাকাতেই থাকবেন। তিনি ভোটারদের উদ্দেশ্যে বলেন, ‘আপনারা ৫৫ বছর দেখেছেন, কোনো সময়েই এভাবে আলেম ওলামারা নির্বাচনে আসেনি।
একটিবারের জন্য আলেমদের বিশ্বাস করে দেখেন, দেখবেন আগামী পাঁচ বছরে ৫৫ বছরে যা হয়নি তা হবে।’অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলামের সহকারী মহাসচিব মুফতি বশির উল্লাহ, নারায়ণগঞ্জ জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ফেরদাউসুর রহমান, মহানগর জমিয়তের সভাপতি মাওলানা কামাল উদ্দিন দায়েমী এবং ফতুল্লা থানা শাখার সভাপতি মাওলানা মোফাজ্জল বিন মাহফুজ প্রমুখ।



দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন