মো:মামুনুর রশিদ
নভেম্বর ৩, ২০২৫, ০৩:৩৫ পিএম
ছবি-দিনাজপুর টিভি
বেসরকারি উন্নয়ন সংস্থা রাজবাটী আদর্শ মানব কল্যাণ সংঘের আয়োজনে নানা কর্মসূচির মধ্য দিয়ে তারুণ্য উৎসব ও গ্রাহক সেবা পক্ষ উদযাপিত হয়েছে। মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির নির্দেশনা অনুযায়ী সংস্থার প্রধান কার্যালয়ের রহমত আলী হল রুমে সোমবার (৩ নভেম্বর) এই উৎসব অনুষ্ঠিত হয়। এতে গ্রাহক, তরুণ-তরুণী এবং উদ্যোক্তারা অংশগ্রহণ করেন।
সংস্থার সভাপতি মিহির কুমার ঘোষ এর সভাপতিত্বে তরুণ-তরুণীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সদস্য শুশান্ত কুমার দাস ও মো. তসলিম আলী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার ঘোষ।সংস্থার নির্বাহী পরিচালক মো. আনোয়ার হোসেন বলেন, "আমাদের সংগঠনের নিজস্ব অর্থায়নে ক্ষুদ্র ঋণ প্রদান করে আমরা তরুণ-তরুণীদের স্বাবলম্বী করে আসছি।
বিশেষ করে তরুণ, যুবকদের উদ্যোক্তা তৈরি করেছি বলেই তারা তাদের পণ্য বাজারজাত করে ক্ষুদ্র ব্যবসায়ী হিসেবে সমাজে পরিচিতি লাভ করছে।"তিনি আরও বলেন, সংস্থাটি পরিবেশ সংরক্ষণের জন্য গাছের চারা বিতরণ, অসহায়দের চিকিৎসা সেবা সহায়তা প্রদান, ক্রীড়া-সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবক-যুবতীদের অংশগ্রহণ, বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান এবং স্বাস্থ্যসম্মত পায়খানা স্থাপনে সহায়তা করেছে। সেই সাথে যৌতুক, বাল্যবিবাহ প্রতিরোধ, ইভটিজিং,
পলিথিন ব্যবহার বর্জনের বিষয়ে জনগণকে কাপড়ের ব্যাগ ব্যবহারে সচেতন করে আসছে।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা ব্যবস্থাপক মো. রশিদুল ইসলাম। মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন উদ্যোক্তা সঞ্জয় কুমার শীল ও শ্রী সঞ্জয় ওঁরাও। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের অফিস প্রশাসন রাজেন্দ্র কুমার দাস।