রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ১১:২০ এএম

বিএনপি-জামায়াতের প্রার্থী হয়ে ভোটযুদ্ধে আপন দুই ভাই

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে কুড়িগ্রাম-৪ আসনে শুরু হয়েছে এক ভিন্নরকম রাজনৈতিক উত্তাপ। এবারের নির্বাচনে ওই আসনের আলোচনার কেন্দ্রবিন্দুতে আপন দুই ভাই, যারা দুটি ভিন্ন রাজনৈতিক দলের প্রার্থী হিসেবে একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বড় ভাই আজিজার রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন পেয়ে ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে নির্বাচনে লড়বেন। অন্যদিকে, তার আপন ভাই মোস্তাফিজার রহমান বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক নিয়ে মাঠে লড়বেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আপন এই দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিনের পারিবারিক ও রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, যা এবার সরাসরি ভোটযুদ্ধে রূপ নিতে যাচ্ছে। এলাকায় এই খবর ছড়িয়ে পড়ার পর সাধারণ ভোটারদের মধ্যে ব্যাপক কৌতূহল ও আলোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় রাজনৈতিক মহল বলছে, কুড়িগ্রাম-৪ আসনে ভাই-ভাইয়ের এই বিরল লড়াই ভোটের মাঠে এক ভিন্নমাত্রা যোগ করবে। ভোটাররা বলছেন, এবারের নির্বাচন শুধু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার নয়, বরং এটি একটি পারিবারিক প্রতিদ্বন্দ্বিতার মঞ্চও হতে যাচ্ছে। এই আসনে কে জিতবে, তা জানতে নির্বাচনের দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে।