রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

মেহেরপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে পাল্টাপাল্টি হামলা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৫:২৫ পিএম

মেহেরপুরে বিএনপির মনোনয়ন দ্বন্দ্বে পাল্টাপাল্টি হামলা

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে বিএনপির মনোনয়ন নিয়ে অভ্যন্তরীণ দ্বন্দ্ব মেহেরপুরে সহিংস রূপ নিয়েছে। মেহেরপুর-২ (গাংনী) আসনে সাবেক সংসদ সদস্য আমজাদ হোসেনকে দলীয় মনোনয়ন দেওয়ায় বঞ্চিত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টনের সমর্থকদের মধ্যে ব্যাপক সংঘর্ষ, হামলা, পাল্টা হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।মঙ্গলবার (৪ নভেম্বর) দুপুরে গাংনী বাজারে এই সংঘর্ষ শুরু হয়। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে বিএনপি মনোনীত প্রার্থী আমজাদ হোসেন তার নেতাকর্মীদের সঙ্গে বাসস্ট্যান্ড এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় মনোনয়নবঞ্চিত জাবেদ মাসুদ মিল্টন পক্ষের সমর্থকরা তাদের ওপর অতর্কিতভাবে হামলা চালায়। পরে আমজাদ হোসেন তার একটি কার্যালয়ে আশ্রয় নিলে মিল্টনপন্থীরা গাংনী উপজেলা বিএনপির মূল কার্যালয়ে হামলা চালিয়ে ইটপাটকেল নিক্ষেপ করে এবং কার্যালয়ের সামনে থাকা অন্তত ২০টি মোটরসাইকেল ও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করে।

এই হামলার খবর পেয়ে আমজাদ হোসেনের সমর্থকরাও হাসপাতাল বাজার এলাকা থেকে পাল্টা সংগঠিত হয়ে একটি মিছিল নিয়ে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে আসে এবং জাবেদ মাসুদ মিল্টনের অফিসে হামলা চালায়। দুই পক্ষের এই ধাওয়া-পাল্টা ধাওয়ায় গাংনী বাজারজুড়ে তীব্র উত্তেজনা ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যবসায়ীরা ভয়ে তাদের দোকানপাট বন্ধ করে দেন।

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে পৌঁছালে নেতাকর্মীরা ছত্রভঙ্গ হয়ে যায়। এরপরও শহরে থেমে থেমে উত্তেজনা চলতে থাকে।গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বনি ইসরাইল বলেন, ‘গাংনী শহরজুড়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

মনোনয়নপ্রাপ্ত আমজাদ হোসেন এই হামলাকে 'নিন্দনীয়' উল্লেখ করে বলেন, ‘বিএনপির কেন্দ্রীয় সিদ্ধান্ত মানতে না পারাই এই ঘটনার মূল কারণ।’ অন্যদিকে, জেলা বিএনপির সভাপতি জাবেদ মাসুদ মিল্টন ঘটনাটিকে ‘দুঃখজনক’ বলে উল্লেখ করে বলেন, তিনি বিষয়টি পরে জেনেছেন এবং তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জানা যাবে।উল্লেখ্য, গত সোমবার (৩ নভেম্বর) বিএনপি মহাসচিব মেহেরপুর-২ আসনে আমজাদ হোসেনের নাম ঘোষণার পর থেকেই মিল্টনের সমর্থকরা প্রার্থী পরিবর্তনের দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে আসছিলেন।