বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়াকে ফেনী-১ আসনে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ০৫:২৮ পিএম

খালেদা জিয়াকে ফেনী-১ আসনে মনোনয়ন দেয়ায় আনন্দ মিছিল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ফেনী-১ আসনে দলীয় মনোনয়ন দেওয়ায় আনন্দ মিছিল করেছে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে ফেনীর ছাগলনাইয়া উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা বিভিন্ন স্থান থেকে মিছিল নিয়ে কলেজ রোডে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন। পরে সেখান থেকে একটি বর্ণাঢ্য আনন্দ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

মিছিলে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ সংসদীয় আসনের সাংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু, বিএনপির গ্রাম সরকার বিষয়ক সহ-সম্পাদক বেলাল আহমেদ, ফেনী জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব মো. আলমগীর বিএ, যুগ্ম আহ্বায়ক কপিল উদ্দিন সরকার, পৌর বিএনপির আহ্বায়ক ইউসুফ মজুমদারসহ উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।

উল্লেখ্য, গতকাল সোমবার (৩ নভেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭টি আসনে দলের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেন, যেখানে বেগম খালেদা জিয়াকে দিনাজপুর-৩, বগুড়া-৭ এবং ফেনী-১—এই তিনটি আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।