রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

আমরা ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসবো না: চরমোনাই

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৪, ২০২৫, ১০:১৪ পিএম

আমরা ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসবো না: চরমোনাই

আপনারা বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টির ক্ষমতা ও শাসন দেখেছেন, একবার ইসলামী শাসন ব্যবস্থায় হাতপাখা মার্কায় ভোট দিয়ে আমাদের জয়ী করে দেখেন। আমরা ব্যর্থ হলে আর কোনো দিন নির্বাচনে আসবো না।"মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেলে নরসিংদীর পলাশ উপজেলা বাসস্ট্যান্ডে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম (চরমোনাই পীর)।

তিনি বলেন, "অতীতের নির্বাচনগুলোর মতো মাস্তান-চাঁদাবাজরা ক্ষমতায়িত হলে মুক্তি আসবে না। নীতির পরিবর্তন না করে কেবল নেতার পরিবর্তন করতে নির্বাচন আয়োজন করার জন্য জুলাই অভ্যুত্থান হয় নাই।"ফয়জুল করীম অবিলম্বে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে সেই সনদের ভিত্তিতে 'পিআর' (আনুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে জাতীয় নির্বাচনের আয়োজন করার দাবি জানান।তিনি আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির সমালোচনা করে বলেন, "তারা বার বার নির্বাচিত হয়ে বার বারই ফেল করেছে।

বিএনপি পাঁচ বছরের ক্ষমতার মধ্যে দুর্নীতিতে তিন বার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।... এখন পলাশে যে ঘটনা ঘটেছে তা পলাশবাসীও জানে। ওরা এখনো ক্ষমতায় যায়নি, তাতেই নিজ দলের নেতা খুনসহ চাঁদাবাজিতে ব্যস্ত রয়েছে।"তিনি আরও বলেন, "যারা নৌকার নির্বাচন করে, তারা নৌকা চালাতে জানেন না, যারা ধানের শীষ নিয়ে নির্বাচন করে, তারা ধান কাটতে পারেন না এবং যারা লাঙ্গল নিয়ে নির্বাচন করে তারা লাঙ্গল চালাতে জানেন না। কিন্তু হাতপাখা সকল শ্রেণী পেশার মানুষ চালাতে পারেন।"সমাবেশে নরসিংদী-২ (পলাশ) আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী ইঞ্জিনিয়ার মহসীন আহমেদ সভাপতিত্ব করেন।