নভেম্বর ৬, ২০২৫, ০৫:৪৪ পিএম
রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) আনুষ্ঠানিকভাবে ‘এটলাস ইভি’ নামে পরিবেশবান্ধব ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত শুরু করেছে। বুধবার (৫ নভেম্বর) টঙ্গীর এটলাস বাংলাদেশ লিমিটেডের কারখানায় নতুন এই মোটরসাইকেলটির বাজারজাত কার্যক্রমের উদ্বোধন করা হয়।শিল্প এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান বাজারজাত কার্যক্রম উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন শিল্পসচিব মো. ওবায়দুর রহমান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব), এবিএলের পরিচালকবৃন্দসহ কর্মকর্তা ও ডিলাররা।এই ইলেকট্রিক মোটরসাইকেলটি বাজারে আনা হলো চলতি বছরের মে মাসে চীনের স্বনামধন্য প্রতিষ্ঠান ঝেজিয়াং লুয়ান ইলেকট্রিক ভেহিকেল কোং লিমিটেড-এর সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের সফল বাস্তবায়নের অংশ হিসেবে।উদ্বোধন অনুষ্ঠান প্রসঙ্গে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, বর্তমান সরকার ‘গ্রিন মবিলিটি’ বা পরিবেশবান্ধব যানবাহন ব্যবস্থা প্রবর্তনে সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ।
তিনি এই উদ্যোগকে ইলেকট্রিক ভেহিকলসংক্রান্ত জাতীয় নীতি বাস্তবায়নে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে অভিহিত করেন।তিনি আরও বলেন, এই উদ্যোগটি কেবল আমাদের কার্বন নিঃসরণ হ্রাস করবে না এবং জীবাশ্ম জ্বালানির পেছনে ব্যয় হওয়া মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে, বরং এটি সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত ও পরিবেশবান্ধব পরিবহন ব্যবস্থা পৌঁছে দেবে।
শিল্পসচিব মো. ওবায়দুর রহমান বলেন, এবিএলের মতো একটি সরকারি প্রতিষ্ঠানের মাধ্যমে এটলাস ইভি বাজারে আসায় ক্রেতাসাধারণের জন্য গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত হলো। তিনি আশা প্রকাশ করেন যে এই উদ্যোগ দেশের অভ্যন্তরে উচ্চ প্রযুক্তির উৎপাদন শিল্পকে উৎসাহিত করবে।
বিএসইসি চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম বলেন, পরিবেশবান্ধব এবং জ্বালানি সাশ্রয়ী হওয়ায় বিশ্বব্যাপী ইলেকট্রিক যানবাহনের চাহিদা বৃদ্ধি পাচ্ছে এবং এটলাস বাংলাদেশ লিমিটেডের এই উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি আশা করেন, এবিএল নিজস্ব ব্র্যান্ডের ইলেকট্রিক মোটরসাইকেল উৎপাদনের মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন