রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত

প্রদীপ রায় জিতু

নভেম্বর ১৬, ২০২৫, ০৫:৩৭ পিএম

বীরগঞ্জে মাদকবিরোধী সচেতনতামূলক গোলটেবিল বৈঠক   অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

“খেলাধুলায় বাড়ে বল, মাদক ছেড়ে খেলতে চল”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের বীরগঞ্জে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে সচেতনতামূলক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার (১৬ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার কবি নজরুল উচ্চ বিদ্যালয় হলরুমে ‘বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স’-এর উদ্যোগে এই বৈঠকের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স-এর বীরগঞ্জ প্রোগ্রামের প্রোগ্রাম ম্যানেজার অসিত চৌকিদার। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুজালপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম।

বৈঠকে বক্তারা বলেন, মাদক একটি জাতির সম্ভাবনাকে ধ্বংস করে দেয়। তরুণদের সঠিক পথে রাখতে এবং তাদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত খেলাধুলা তরুণদের মাদক থেকে দূরে রাখে। বক্তারা শিক্ষার্থীদের মাদকবিরোধী আন্দোলনে সক্রিয় হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কবি নজরুল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ ইয়ুথ ফার্স্ট কনসার্ন্স-এর প্রোগ্রাম অর্গানাইজার মোঃ মজিদুল ইসলাম বাবু, রুয়েল এ্যাক্কা, শিক্ষিকা সীমা রানী রায়, ভলান্টিয়ার প্রদীপ রায়, হাই ক্লাব কমিটির সদস্যবৃন্দ এবং বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।আলোচনা শেষে অংশগ্রহণকারীরা মাদকমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।