বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

গিলা লতা’র রহস্যে মোড়া বিরল ধর্মপুর শালবন, পর্যটকদের ভিড়

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ১৬, ২০২৫, ০৭:৫০ পিএম

গিলা লতা’র রহস্যে মোড়া বিরল ধর্মপুর শালবন, পর্যটকদের ভিড়

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের বিরল উপজেলার কালিয়াগঞ্জ ধর্মপুর শালবনে বিপন্নপ্রায় ‘গিলা লতা’ তার বিশালতা ও রহস্যময়তা নিয়ে সৌন্দর্য ছড়াচ্ছে। সাপের মতো আঁকাবাঁকা প্যাঁচানো এই প্রকাণ্ড লতা দেখতে শালবনে বেড়াতে আসা দর্শনার্থীদের ভিড় বাড়ছে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এই শালবনের বিভিন্ন অংশে কমপক্ষে দুই হাজার গিলা লতার অস্তিত্ব রয়েছে। স্থানীয়ভাবে এটি ‘বান্দানা গাছ’ হিসেবেও পরিচিত।

এছাড়াও এই বনে বিপন্নপ্রায় বনখেজুর ও আগর গাছ রয়েছে, যা দিয়ে তৈরি হয় সুগন্ধি পারফিউম। শালবনের পাশেই থাকা পদ্মফুল ফোটা গবরা বিল এবং সীমান্তের কাঁটাতারের বেড়ার দৃশ্য দেখতেও মানুষ প্রতিদিন ভিড় জমায়।

দর্শনার্থীর চোখে গিলা লতা সদ্য বিবাহিত ভুট্টু টুডু তাঁর স্ত্রী ও শ্যালক-শ্যালিকাদের নিয়ে ঘুরতে এসেছেন শালবনে। তিনি বলেন, "বিয়ের পর বউকে দেখানোর জন্য নিয়ে এসেছি। গাছগুলো অনেক সুন্দর।" আরেক দর্শনার্থী আতিকুর রহমান বাবু বলেন, "গিলা উদ্ভিদগুলো লতার মতো ছড়িয়ে পড়েছে। একটি গাছ শুরু থেকে শেষ পর্যন্ত দেখে শেষ করা যায় না।"গবেষকদের উদ্বেগ: বিপন্ন হওয়ার আশঙ্কা গবেষক ও উদ্ভিদবিদ মোসাদ্দেক হোসেন জানান, গিলা লতা পৃথিবীর সবচেয়ে বড় কাষ্ঠল লতা উদ্ভিদ এবং এর আদি নিবাস আফ্রিকায়।

এটি 'সাগর লতা', 'আফ্রিকান ড্রিম বিন' বা 'সী বিন' নামেও পরিচিত। এর বীজ সমুদ্রের লোনা পানিতে ভেসে গ্রীষ্মমণ্ডলীয় বনাঞ্চলে ছড়িয়ে পড়েছে।তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ধর্মপুর শালবনে গিলা লতা ৮০-১০০ মিটার পর্যন্ত বিস্তৃত হলেও এখানে ফুল ও ফল দেখা গেলেও বীজ থেকে জার্মিনেশন (নতুন চারা গজান) লক্ষ্য করা যাচ্ছে না। নতুন উদ্ভিদ বেড়ে ওঠার রেকর্ড না থাকায় এটি বিপন্ন হওয়ার আশঙ্কা আছে। উদ্ভিদটির বিকাশ ও অভিযোজন নিয়ে জরুরিভিত্তিতে গবেষণা প্রয়োজন।জাতীয় উদ্যান ও পর্যটনের নতুন দিগন্ত বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মহসিন আলী জানান, ধর্মপুর শালবনকে ২০২১ সালের ২৪ নভেম্বর জাতীয় উদ্যান হিসেবে ঘোষণা করা হয়েছে।

২ হাজার ৬০০ একর আয়তনের এই প্রাকৃতিক বনে শাল, সেগুন, অর্জুন, গিলাসহ ২০০টির বেশি প্রজাতির উদ্ভিদ রয়েছে।তিনি আরও জানান, জাতীয় উদ্যান হিসেবে ঘোষণার পর বন বিভাগ এখানে পর্যটন ও গবেষণার সুবিধা বাড়াতে কাজ করছে। একটি প্রকল্প অনুমোদনের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে এখানে নির্মিত হবে গবেষণা কেন্দ্র, রেস্ট হাউজ, কটেজ এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় অবকাঠামো। বন বিভাগ আশা করছে, এর মাধ্যমে দিনাজপুরে পরিবেশবান্ধব পর্যটনের নতুন দিগন্ত উন্মোচিত হবে।