বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

শীতের ভরা মৌসুমেও বীরগঞ্জে সবজির দাম আকাশছোঁয়া

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৬:৪৮ পিএম

শীতের ভরা মৌসুমেও বীরগঞ্জে সবজির দাম আকাশছোঁয়া

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার হাট-বাজারগুলোতে শীতকালীন সবজির সরবরাহ বৃদ্ধি পেলেও অধিকাংশ সবজিই চড়া দামে বিক্রি হচ্ছে। ভরা মৌসুমেও বাজারে গিয়ে হিমশিম খাচ্ছেন নিম্ন আয়ের সাধারণ মানুষ।

বীরগঞ্জ পৌরশহরের দৈনিক বাজার, বলাকা মোড় ও উপজেলার বিভিন্ন হাটে সরেজমিনে দেখা যায়, একমাত্র আলু (প্রতি কেজি ২০ টাকা) বাদে প্রায় সব সবজির দামই অস্বাভাবিক। কাঁচা মরিচ, শিম ও গাজরের দাম প্রতি কেজি ১২০ টাকা থেকে ১৪০ টাকার মধ্যে রয়েছে।দর বৃদ্ধির কারণ:

সবজি বিক্রেতারা বলছেন, কিছুদিন আগে টানা বৃষ্টির কারণে আগাম জাতের অনেক সবজির জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ কারণে কৃষকদের কাছ থেকে চড়া দামে সবজি কিনতে হচ্ছে।

দাম-দরের চিত্র:

সবজির নাম প্রতি কেজি/পিস মূল্য (টাকা)
শিম ১২০ - ১৪০
গাজর (ভারত ও চায়না) ১২০ - ১৪০
কাঁচা মরিচ ১২০ - ১৪০
ধনিয়া পাতা ১৫০ - ১৬০
পেঁয়াজ ১০০
বেগুন (জাতভেদে) ৮০ - ১২০
ফুলকপি/পাতাকপি (প্রতি পিস) ৫০ - ৬০
মুলা ৫০
শসা ৫০ - ৬০
কাঁচা টমেটো ৯০
লাল টমেটো (আমদানি) ১২০
লাউ (প্রতি পিস) ৪০ - ৫০
বরবটি/করলা ৬০ - ৭০
আলু ২০

ক্রেতাদের প্রতিক্রিয়া:

বীরগঞ্জ দৈনিক বাজারে সবজি কিনতে আসা সুমন চন্দ্র দাস নামের এক শ্রমজীবী জানান, এ বছর সবজির দাম অস্বাভাবিকভাবে ওঠানামা করছে। তিনি অভিযোগ করেন, গত সপ্তাহে শিম ৬০ টাকা কেজি কিনলেও আজ তা ১২০ টাকা দরে কিনতে হচ্ছে। পেঁয়াজও ৬০ টাকা থেকে বেড়ে ১০০ টাকা হয়েছে। একমাত্র আলু বাদে সব সবজির দামই চড়া।

সবজির পাশাপাশি মুলা শাক, পালং শাক, লাল শাক, সরিষা শাকসহ বিভিন্ন রকম শীতকালীন শাকও চড়া দামে বিক্রি হচ্ছে বলে জানান তিনি।