রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

১০ম গ্রেড চাই: বীরগঞ্জে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

জাহিদ হাসান

নভেম্বর ৩০, ২০২৫, ০৪:৪৬ পিএম

১০ম গ্রেড চাই: বীরগঞ্জে স্বাস্থ্যকর্মীদের বিক্ষোভ

ছবি-দিনাজপুর টিভি

মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের পদমর্যাদা ১১তম গ্রেড থেকে ১০ম গ্রেডে বাস্তবায়নসহ ন্যায্য দাবির প্রতি সরকারের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে সারাদেশের ন্যায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন।

সরকারি ও বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট কর্মচারীরা।আজ রবিবার (৩০ নভেম্বর) সকাল ৯টা থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ফটকের সামনে সংশ্লিষ্ট বিভাগের কর্মচারীরা এই কর্মবিরতি পালন করেন।

কর্মবিরতিতে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে ১০ম গ্রেড বাস্তবায়নের দাবি জানানো হলেও এখনো তা কার্যকর করা হয়নি।

সমযোগ্যতার সকল ডিপ্লোমাধারী (যেমন প্রকৌশলী, নার্স, কৃষি কর্মকর্তারা) ১০ম গ্রেড পেলেও ডিপ্লোমা মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ এখনো ১১তম গ্রেডে রয়েছেন। এতে পেশাজীবীদের মধ্যে ব্যাপক হতাশা তৈরি হয়েছে।বক্তারা বলেন, "৩০ বছর ধরে আমরা এই আন্দোলন চালিয়ে যাচ্ছি। এবার আমাদের ন্যায্য দাবি আদায় করেই ছাড়বো, ইনশাআল্লাহ।" তাঁরা আরও বলেন, চিকিৎসা সেবার মান উন্নয়ন ও কর্মপরিবেশ নিশ্চিতে এই গ্রেড বাস্তবায়ন অত্যন্ত জরুরি। দ্রুত দাবি বাস্তবায়নের জন্য তাঁরা সরকারের প্রতি জোরালো আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন ফার্মাসিস্ট মো. ময়নুল হক, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো. মোহিবুল আরিফিন, মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) জীবন চন্দ্র রায়, মেডিকেল টেকনোলজিস্ট (এক্স-রে) মনোরঞ্জন দেব শর্মা ও ফার্মাসিস্ট মুনমুন রায় সহ সরকারি-বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টগণ। অন্যান্য স্বাস্থ্যকর্মীরাও কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন।