মো: মামুনুর রশিদ
ডিসেম্বর ২, ২০২৫, ০৫:৪৪ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) ২১তম বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে।জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগী সংস্থাসমূহের আয়োজনে র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি পালিত হয়।
র্যালীর উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন।বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিনাজপুর প্রতিনিধি ও মমতা পল্লী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. ইয়াকুব আলী’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রিয়াজ উদ্দিন বলেন, "পিছিয়ে পড়া অনগ্রসর সম্প্রদায়ের উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে সুনামের সাথে কাজ করে যাচ্ছে।
ফলে নারীর ক্ষমতায়ন ও স্বনির্ভরশীলতা বৃদ্ধি পাওয়াতে তারা এখন সমাজে ঘুরে দাঁড়িয়েছে।"সভাপতির বক্তব্যে মো. ইয়াকুব আলী বলেন, "বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন অনগ্রসর জনগোষ্ঠীর সামর্থ্য উন্নয়নে বিশেষ করে নারী ও আদিবাসী জনগোষ্ঠীসহ বিভিন্ন পর্যায়ের প্রান্তিক ও অসহায় জনগোষ্ঠীকে সহায়তার মাধ্যমে তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসার জন্য বিভিন্ন কর্মসূচী বাস্তবায়ন করছে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল। স্বাগত বক্তব্য রাখেন সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র এর নির্বাহী পরিচালক মো. মোজাফ্ফর হোসেন। শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রাম উন্নয়ন প্রচেষ্টা’র নির্বাহী পরিচালক ফরিদা বেগম।
র্যালি ও আলোচনা সভায় মমতা পল্লী উন্নয়ন সংস্থা, সমাজ উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র, গ্রাম উন্নয়ন প্রচেষ্টা, অন্বেষণ, বিবিডিএস, উত্তরণ প্রতিবন্ধী সংস্থা, স্বকল্প সোসাইটি, পিটিএস সহ প্রায় ২১টি এনজিও'র নির্বাহী পরিচালকগণ অংশগ্রহণ করেন।