বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

খালেদা জিয়ার আসনে ‌‘বিকল্প প্রার্থী’ জাহাঙ্গীরের মনোনয়নপত্র জমা

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ২৯, ২০২৫, ১০:৩৪ পিএম

খালেদা জিয়ার আসনে ‌‘বিকল্প প্রার্থী’ জাহাঙ্গীরের মনোনয়নপত্র জমা

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিকল্প প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন দিনাজপুর পৌরসভার সাবেক তিনবারের মেয়র ও বিএনপির রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সৈয়দ জাহাঙ্গীর আলম। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা রফিকুল ইসলামের কাছে আনুষ্ঠানিকভাবে এই মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সৈয়দ জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, “দিনাজপুর-৩ আসনে আমাদের দলের মূল প্রার্থী দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

তবে তাঁর শারীরিক অসুস্থতার কথা বিবেচনা করে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী আমাকে বিকল্প প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে। আজ জেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে আমি এই মনোনয়ন দাখিল করলাম।

এ সময় তাঁর সাথে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক মামুনুর রশিদ কচি, সাবেক পৌর কাউন্সিলর রেহাতুল ইসলাম ও মতিবুর রহমান বিপ্লবসহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। জাহাঙ্গীর আলম আরও যোগ করেন, “দিনাজপুর সদরের বিএনপি এখন যেকোনো সময়ের চেয়ে বেশি ঐক্যবদ্ধ। আমরা এই আসনটি পুনরুদ্ধার করে দেশনেত্রীকে উপহার দিতে চাই।

দলীয় সূত্রে জানা গেছে, সৈয়দ জাহাঙ্গীর আলম ২০১১ সালে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন এবং টানা তিনবার এই দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি প্রার্থী হয়েছিলেন, তবে আইনি জটিলতায় সেবার তাঁর প্রার্থিতা বাতিল হয়েছিল। উল্লেখ্য, এই আসনে ইতিপূর্বে খালেদা জিয়ার বোন প্রয়াত খুরশিদ জাহান হক ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। এবারই প্রথম এই আসনে খালেদা জিয়ার নামে মনোনয়ন নেওয়া হয়েছে।