অলিউর রহমান মিরাজ
ডিসেম্বর ৩০, ২০২৫, ০৪:০৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের নবাবগঞ্জে স্বাস্থ্যবিধি লঙ্ঘন ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুইটি হোটেলসহ ৩টি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে উপজেলার মহিলা কলেজ মোড় সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর মাহফুজ। এ সময় খোলা অবস্থায় ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশনের দায়ে দুইটি হোটেল মালিককে মোট ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া রাস্তার পাশে ঘর নির্মাণের সরঞ্জাম রেখে চলাচলে বিঘ্ন ঘটানোর দায়ে সড়ক পরিবহন আইনে আরও এক হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসীর মাহফুজ ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, জনস্বাস্থ্য রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা বাধ্যতামূলক। কোনোভাবেই খোলা বা বাসি খাবার সাধারণ মানুষকে খাওয়ানো যাবে না। ভবিষ্যতে নিয়ম মেনে ব্যবসা পরিচালনা না করলে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান চলাকালে স্থানীয় পুলিশ প্রশাসনের সদস্যবৃন্দ ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে প্রশাসন সূত্রে জানানো হয়েছে।