রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুরে জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত শাহজাহান সাজু

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ১৫, ২০২৬, ১২:৩৮ এএম

দিনাজপুরে জেলা শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত শাহজাহান সাজু

ছবি-দিনাজপুর টিভি

জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬ উপলক্ষে দিনাজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক নির্বাচিত হয়েছেন দিনাজপুর জিলা স্কুলের বাংলা বিভাগের শিক্ষক শাহজাহান সাজু। শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান, উদ্ভাবনী চিন্তাভাবনা এবং দীর্ঘদিনের নিষ্ঠার স্বীকৃতিস্বরূপ তাঁকে এই অনন্য সম্মাননা প্রদান করা হয়।

এটি শাহজাহান সাজুর প্রথম অর্জন নয়; এর আগে তিনি ২০১৮, ২০২২ এবং ২০২৪ সালেও দিনাজপুর জেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষক হওয়ার গৌরব অর্জন করেছিলেন। এছাড়া ২০২২ সালে তিনি রংপুর বিভাগীয় পর্যায়েও শ্রেষ্ঠ শিক্ষক হিসেবে ভূষিত হয়েছিলেন।

শাহজাহান সাজু কেবল একজন শিক্ষকই নন, তিনি একজন দক্ষ উদ্ভাবক ও লেখক হিসেবেও সুপরিচিত। শিক্ষা ও লাইব্রেরির সমন্বয়ে তাঁর নির্মিত ‍‍`এডুকেশন ক্যাফে‍‍` নামক প্রতিষ্ঠানটি দিনাজপুরে ব্যাপক সাড়া ফেলেছিল, যা ২০২০ সালে বিভাগীয় ইনোভেশন শোকেসিং-এ তৃতীয় স্থান অধিকার করে। এছাড়াও তাঁর প্রতিষ্ঠিত ‍‍`ফ্লেপার এডুকেশন বোর্ড‍‍` নায়েম (NAEM) কর্তৃক স্বীকৃত হয়েছে। 

লেখক হিসেবে তিনি ভাষাশহীদ, মাওলানা ভাসানী, আব্বাসউদ্দীন ও নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী গ্রন্থ রচনা করে সাহিত্য মহলেও প্রশংসিত হয়েছেন।এমন অনন্য সাফল্যে শাহজাহান সাজু তাঁর প্রতিক্রিয়ায় বলেন, "এই সম্মাননা আমাকে আগামী প্রজন্ম গঠনে আরও দায়িত্বশীল ও অনুপ্রাণিত করবে। আমি যেন শিক্ষার্থীদের জন্য আরও আন্তরিকভাবে কাজ করতে পারি, এটাই আমার লক্ষ্য।" তাঁর এই ধারাবাহিক সাফল্যে দিনাজপুর জিলা স্কুলের সহকর্মী, শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে আনন্দের জোয়ার বইছে।