জানুয়ারি ১৬, ২০২৬, ১২:২২ এএম
দিনাজপুরের ফুলবাড়ীতে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান পণ্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (২৯ বিজিবি)। গত ১৪ ও ১৫ জানুয়ারি উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্টে এসব অভিযান পরিচালনা করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) আওতাধীন খানপুর বিওপি’র একটি চৌকস দল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন অবস্থায় ১,৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে।
এর আগে বুধবার (১৪ জানুয়ারি) বিরামপুর বিশেষ ক্যাম্প এবং রসুলপুর বিওপি পৃথক দুটি অভিযানে ৪৮০ বোতল বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক করে। বিজিবি নিশ্চিত করেছে যে, আটককৃত এই বিপুল পরিমাণ মাদক ও চোরাচালান মালের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ লক্ষ ৯২ হাজার টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়নের (২৯ বিজিবি) পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকা দিয়ে মাদকের অনুপ্রবেশ এবং চোরাচালান রোধে বিজিবি জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। জনস্বার্থে এবং সীমান্ত সুরক্ষায় এ ধরনের কঠোর অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন