মো: মামুনুর রশিদ
জানুয়ারি ১৮, ২০২৬, ১০:২০ পিএম
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দিনাজপুরে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) রাত পৌনে ১০টায় শহরের বাস টার্মিনাল রোডস্থ দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের নিজস্ব কার্যালয়ে এই মাহফিলের আয়োজন করা হয়।
পৌর বিএনপির ১২টি ওয়ার্ডে ধারাবাহিক দোয়া মাহফিল কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
দিনাজপুর নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. নুরুল ইসলাম নুরুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সভাপতি জিয়াউর রহমান জিয়া, সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক প্রকৌশলী মঞ্জুর মোর্শেদ সুমন এবং জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হামিদুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম। এসময় নির্মাণ মিস্ত্রি শ্রমিক ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ছাড়াও বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।