রকিবুল হাসান মুন্না
জানুয়ারি ২২, ২০২৬, ০৩:২৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিগ্রিগুলো বর্তমানে দেশের সবচেয়ে চাহিদাসম্পন্ন এবং মানসম্মত বলে জানিয়েছেন অনুষদের ডিন অধ্যাপক ড. এস এম কামরুল হাসান।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, "সিভিল, মেকানিক্যাল, ফুড, আর্কিটেকচার ও কৃষি ইঞ্জিনিয়ারিং বিষয়ে হাবিপ্রবি থেকে অর্জিত ডিগ্রির মান দেশে ও দেশের বাইরে অত্যন্ত গ্রহণযোগ্য।
এ অনুষদের অধিকাংশ শিক্ষক যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান ও মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন, যা শিক্ষার মান উন্নয়নে বড় ভূমিকা রাখছে।"
অনুষদের গ্র্যাজুয়েটদের সাফল্য তুলে ধরে অধ্যাপক ড. কামরুল হাসান জানান, এখানকার অনেক শিক্ষার্থী বর্তমানে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন নামকরা সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করছেন। এছাড়া বিপুল সংখ্যক শিক্ষার্থী বিদেশে উচ্চতর গবেষণা ও পিএইচডি পর্যায়ে নিজেদের মেধার স্বাক্ষর রাখছেন।
অনুষদের বর্তমান পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, "এক সময় ল্যাব ও শিক্ষক সংকট থাকলেও বর্তমানে আধুনিক ল্যাব স্থাপন ও নতুন যন্ত্রপাতি সংযোজনের ফলে শিক্ষা ও গবেষণার পরিবেশ অনেক উন্নত হয়েছে।" ভবিষ্যতে এই অনুষদের গ্র্যাজুয়েটরা দেশের প্রযুক্তিগত অগ্রগতি ও উন্নয়নে আরও জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।