ফাহিম হোসেন রিজু
জানুয়ারি ২৪, ২০২৬, ০৭:৪৭ পিএম
ছবি-দিনাজপুর টিভি
“গণিতে নেই কোনো ভয়, গণিত দিয়েই হোক বিশ্বজয়”—এই স্লোগানকে সামনে রেখে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘৩য় আইরিশ গণিত উৎসব-২০২৫’। শিক্ষার্থীদের গণিতভীতি দূর করা এবং গাণিতিক দক্ষতা উন্নয়নের লক্ষ্যে শনিবার (২৪ জানুয়ারি) এই উৎসবের আয়োজন করা হয়।
আইরিশ ফাউন্ডেশনের তত্ত্বাবধানে এবং রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উৎসবের প্রথম পর্ব অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৪৮টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম থেকে নবম শ্রেণির প্রায় সাড়ে চার শতাধিক শিক্ষার্থী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে।
পরবর্তীতে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় দ্বিতীয় পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। লিখিত পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নের ভিত্তিতে ৬টি গ্রুপে মোট ১৮ জন শিক্ষার্থীকে বিজয়ী ঘোষণা করা হয়।
পরে বিজয়ীদের হাতে সম্মাননা স্মারক ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন অতিথিরা।রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতন অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ডা. নাকিব আনাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবানা তানজিন।রাণীগঞ্জ আদর্শ বিদ্যানিকেতনের শিক্ষার্থী সামিহা রহমান ও জোয়াইয়া আমিন-এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের পরিচালক লায়ন মো. রুহুল আমিন।
এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।দিনব্যাপী এই গণিত উৎসবে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। বক্তারা বলেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।