জানুয়ারি ২৮, ২০২৬, ০৯:২৮ পিএম
দিনাজপুরের ফুলবাড়ী বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউটের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বর্ণাঢ্য আয়োজনে সম্পন্ন হয়েছে। বুধবার (২৮ জানুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় চত্বরে শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাজেন্দ্র প্রসাদ গুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান।
সহকারী শিক্ষক বাঁধন কুমার দাস ও সুলতানা রাজিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামিউল ইসলাম, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুন হুদা চৌধুরী লিমন, পৌর যুবদলের সদস্য সচিব মানিক মন্ডল, ফুলবাড়ী সম্মিলিত নাগরিক কমিটির সভাপতি হামিদুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইফুল ইসলাম এবং সহকারী প্রধান শিক্ষক আব্দুল মান্নান।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও আহমেদ হাছান বলেন, "লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য। বীর মুক্তিযোদ্ধা ইনস্টিটিউট এই ধারাবাহিকতা বজায় রাখায় তাদের ধন্যবাদ জানাই।
আলোচনাসভা শেষে গত ২৬ জানুয়ারি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেন অতিথিরা। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, যেখানে শিক্ষার্থীদের পরিবেশিত নৃত্য ও গান উপস্থিত দর্শকদের মুগ্ধ করে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন