বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই: সাদিক রিয়াজ

মোঃ আতিউর রহমান

ফেব্রুয়ারি ৩, ২০২৬, ১১:১৭ পিএম

আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই: সাদিক রিয়াজ

ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক বলেছেন, "আমরা মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। দেশে নেতৃত্ব দিয়ে বিদেশে পাড়ি জমানোর মতো হীন কাজ আমরা করতে চাই না।"মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিনব্যাপী বিরলের ০৬নং ভান্ডারা ইউনিয়নের গোপালপুর, রামপুর, পাকুড়া, ভান্ডারা ও পাগলাপীরসহ বিভিন্ন গ্রামে ইউনিয়ন বিএনপির আয়োজনে নির্বাচনী গণসংযোগ ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাদিক রিয়াজ চৌধুরী পিনাক আরও বলেন, "আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মতো মানুষের হৃদয়ে স্মরণীয় হয়ে থাকতে চাই। ভোটের আগে যেমন আপনাদের কাছে এসেছি, ভোটের পরেও আপনাদের হাতে মাইক্রোফোন তুলে দিয়ে কথা শুনতে চাই। 

আপনাদের ভোটে নির্বাচিত হলে আমার সাথে দেখা করার জন্য কোনো মাধ্যম বা দালালের প্রয়োজন হবে না; আপনারা সরাসরি আমার সাথে কথা বলতে পারবেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি মো. মোশারফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিরল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোমিন হোসেন, উপজেলা বিএনপি নেতা আবু নাছার প্রধান ও আবুল কালাম আজাদসহ অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

এর আগে সকালে বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ বিরল উপজেলা শাখার উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।