রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর ড্যাব’র আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা

মো:মামুনুর রশিদ

ফেব্রুয়ারি ৫, ২০২৬, ১০:৪৮ পিএম

দিনাজপুর ড্যাব’র আয়োজনে খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা

ছবি-দিনাজপুর টিভি

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) দিনাজপুর জেলা শাখার আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (০৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টায় দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও সাবেক মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।ড্যাব দিনাজপুর জেলা শাখার আহ্বায়ক ডা. হাফিজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রয়াত মন্ত্রী খুরশীদ জাহান হকের জ্যেষ্ঠ পুত্র শাহরিয়ার আকতার হক ডন। 

শুভেচ্ছা বক্তব্য রাখেন জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও কোতোয়ালি বিএনপির সভাপতি আলহাজ মো. আবু বকর সিদ্দিক, আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আব্দুল হালিম, কৃষিবিদ অধ্যাপক ড. সাইফুল হুদা এবং রাজশাহী সিটি করপোরেশনের সাবেক প্রধান প্রকৌশলী নূর ইসলাম তুষার।

ড্যাব দিনাজপুর জেলা শাখার সদস্য সচিব ডা. মোহাম্মদ জিয়াউল হকের (জিয়া) স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে পেশাজীবী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট ও আগামী নির্বাচন নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন।

অনুষ্ঠানের শুরুতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, খুরশীদ জাহান হক, বেগম তৈয়বা মজুমদারসহ জিয়া পরিবারের সকল সদস্যের রুহের মাগফিরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়। দোয়া মাহফিল পরিচালনা করেন হাফেজ মো. আব্দুর রহমান। এতে চিকিৎসক, নার্স ও বিভিন্ন পেশাজীবী সংগঠনের বিপুল সংখ্যক প্রতিনিধি অংশ নেন।