রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

দিনাজপুর-৪ আসনে বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়া এগিয়ে

দিনাজপুর টিভি ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৮:৫৭ পিএম

দিনাজপুর-৪ আসনে বিএনপি প্রার্থী আখতারুজ্জামান মিয়া এগিয়ে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৪ (খানসামা-চিরিরবন্দর) আসনের নির্বাচনী লড়াইয়ে প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী আখতারুজ্জামান মিয়া। বৃহস্পতিবার রাতে খানসামা উপজেলার ৫২টি ভোটকেন্দ্রের প্রাপ্ত বেসরকারি ফলাফলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী খানসামার ৫২টি কেন্দ্রে বিএনপির ‍‍`ধানের শীষ‍‍` প্রতীকের প্রার্থী আখতারুজ্জামান মিয়া পেয়েছেন ৬৮ হাজার ২১৬ ভোট। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ১১-দলীয় জোট মনোনীত জামায়াতে ইসলামীর প্রার্থী আফতাব উদ্দিন মোল্লা ‍‍`দাঁড়িপাল্লা‍‍` প্রতীকে পেয়েছেন ৪৭ হাজার ৮৭৭ ভোট। এর ফলে শুধুমাত্র খানসামা উপজেলা অংশে বিএনপি প্রার্থী ২০ হাজার ৩৩৯ ভোটের ব্যবধানে সুবিধাজনক অবস্থানে রয়েছেন। 

খানসামা উপজেলার ৫২টি কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ছিল ১ লাখ ৫৩ হাজার ৯৫১ জন। সকাল থেকে উৎসবমুখর পরিবেশে ভোটাররা কেন্দ্রে এসে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। বিশেষ করে গ্রামীণ জনপদে নারী ভোটারদের লম্বা সারি এবং স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। 

এদিকে চিরিরবন্দর উপজেলার কেন্দ্রগুলোর ভোট গণনা এখনও চলমান রয়েছে। চিরিরবন্দরের ফলাফল যুক্ত হওয়ার পর এই আসনের চূড়ান্ত ফলাফল নির্ধারিত হবে। বিএনপি ও জামায়াত উভয় শিবিরের নেতাকর্মীদের মধ্যে এখন টানটান উত্তেজনা বিরাজ করছে। 

প্রত্যেকেই নিজ নিজ প্রার্থীর জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করছেন। জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় ও উপজেলা প্রশাসন থেকে জানানো হয়েছে যে ফলাফল সংগ্রহের কাজ অত্যন্ত স্বচ্ছতার সাথে করা হচ্ছে এবং প্রতিটি কেন্দ্রের ফলাফল আসার সাথে সাথে তা জানানো হচ্ছে। পুরো নির্বাচনী এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে।