ফেব্রুয়ারি ২৩, ২০২৬, ০৭:৫৪ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)–এর পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলামকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। আজ সোমবার সকালে বীরগঞ্জ উপজেলা প্রকৌশল কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাতে দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের এই সংসদ সদস্যকে বরণ করে নেওয়া হয়।
উপজেলা প্রকৌশলী মো. হুমায়ুন কবির এলজিইডির পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। শুভেচ্ছা বিনিময়কালে উপজেলা প্রকৌশলী বলেন, সংসদ সদস্যের দক্ষ নেতৃত্ব ও বলিষ্ঠ দিকনির্দেশনায় বীরগঞ্জ ও কাহারোল উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল ও বেগবান হবে বলে তারা আশাবাদী।
তিনি এলজিইডির বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন প্রকল্প, বিশেষ করে গ্রামীণ সড়ক উন্নয়ন, নতুন সেতু নির্মাণ এবং জনকল্যাণমূলক প্রকল্পসমূহ আগামী দিনে আরও সম্প্রসারিত ও আধুনিক করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
শুভেচ্ছা গ্রহণ শেষে নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম সংশ্লিষ্ট সকল কর্মকর্তা-কর্মচারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়নে প্রশাসন ও প্রকৌশল বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের প্রত্যাশা পূরণে কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। প্রতিটি উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন হতে হবে স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে। বীরগঞ্জ ও কাহারোলকে একটি মডেল হিসেবে গড়ে তুলতে তিনি সরকারি দপ্তরের কর্মকর্তাদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
এ সময় বীরগঞ্জ উপজেলা প্রকৌশল কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের এই আয়োজন স্থানীয় পর্যায়ে উন্নয়নমুখী সহযোগিতার একটি ইতিবাচক বার্তা দিয়েছে। এলজিইডির কর্মকর্তারা সংসদ সদস্যকে আশ্বস্ত করেছেন যে, গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যে বীরগঞ্জের গ্রামীণ জনপদ ও অবকাঠামোর দৃশ্যমান পরিবর্তন আনতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন