শুক্রবার, ০৯ অক্টোবর, ২০২৬,

নবাবগঞ্জে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কলেজ ছাত্রী সোমা

অলিউর রহমান মিরাজ

ফেব্রুয়ারি ২৫, ২০২৬, ০৪:৩৮ পিএম

নবাবগঞ্জে ইসলাম ধর্ম গ্রহণ করলেন কলেজ ছাত্রী সোমা

নতুন নাম খাদিজা বেগম :ছবি-দিনাজপুর টিভি

ইসলাম ধর্মের আদর্শ, রীতিনীতি ও সংস্কৃতিতে অনুপ্রাণিত হয়ে স্বেচ্ছায় ও স্বজ্ঞানে আদিবাসী থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার এক কলেজ ছাত্রী। উপজেলার ৩ নং গোলাপগঞ্জ ইউনিয়নের হরিপুর ছোট মাদমপুর গ্রামের সোমা হাসদা (১৯) নামে ওই শিক্ষার্থী গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) ইসলাম ধর্মে দীক্ষিত হন। বর্তমানে তার নতুন নাম রাখা হয়েছে মোছাঃ খাদিজা বেগম।

জানা গেছে, খাদিজা বেগম নবাবগঞ্জ উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের সনাতন ধর্মাবলম্বী (আদিবাসী) পরিবারের সন্তান। তার বাবার নাম সুন্দুরাম হাসদা। ইসলাম ধর্মে দীক্ষিত হওয়ার বিষয়টি তিনি আনুষ্ঠানিকভাবে দিনাজপুর জজ কোর্টের একজন বিজ্ঞ আইনজীবীর মাধ্যমে এফিডেভিট করে ঘোষণা দেন।

এফিডেভিট সূত্রে জানা যায়, খাদিজা বেগম দীর্ঘদিন ধরে মুসলিম সহপাঠী ও বন্ধুদের আচার-ব্যবহার এবং নামাজ-রোজার মতো ধর্মীয় বিধানগুলো পর্যবেক্ষণ করে আসছিলেন। বিভিন্ন সময়ে ওয়াজ মাহফিল শুনে এবং ইসলামের শীতল ছায়াতলে আশ্রয়ের আকাঙ্ক্ষা থেকে তিনি এই সিদ্ধান্ত নেন। 

প্রথমে স্থানীয় একজন মাওলানার কাছে পবিত্র কালিমা পাঠ করে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন এবং পরবর্তীতে রাষ্ট্রীয় আইন অনুযায়ী আদালত থেকে এফিডেভিট সম্পন্ন করেন।সদ্য মুসলিম হওয়া খাদিজা বেগম তার প্রতিক্রিয়ায় জানান, নিজের ইচ্ছায় ও বিচার-বুদ্ধি প্রয়োগ করেই তিনি এই পথে এসেছেন। 

ইসলামের মানবিক মূল্যবোধ তাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। বর্তমানে তিনি শারীরিকভাবে সুস্থ ও মানসিকভাবে শান্তিতে আছেন বলে জানান। তিনি সকলের কাছে দোয়া চেয়েছেন যেন ইসলামের শিক্ষা অনুযায়ী নিজের জীবন অতিবাহিত করতে পারেন এবং আদর্শ মুসলিম হিসেবে নিজেকে গড়ে তুলতে পারেন। এই ঘটনার পর এলাকায় মিশ্র প্রতিক্রিয়া থাকলেও আইনিভাবে বিষয়টি স্বীকৃত হওয়ায় কোনো বিশৃঙ্খলা সৃষ্টি হয়নি।