মার্চ ৩, ২০২৬, ০৭:২৭ পিএম
দিনাজপুরে বেকারি শিল্পের উন্নয়নে এবং ভোক্তাদের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। সভায় তিনি বেকারি পণ্য উৎপাদনে গুণগত মান বজায় রাখা এবং কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রশাসন ও ব্যবসায়ীদের মধ্যে কার্যকর সমন্বয় প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।জেলা বেকারি মালিক সমিতির উদ্যোগে আয়োজিত এই সভার মূল লক্ষ্য ছিল বেকারি পণ্য উৎপাদন, সংরক্ষণ এবং বিপণন প্রক্রিয়ায় কাঁচামালের সঠিক মান বজায় রাখা।
বিশেষ করে অনুমোদিত রং ও উপাদানের ব্যবহার, প্যাকেজিংয়ে লেবেলিং বিধি প্রতিপালন এবং কারখানার পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখার বিষয়ে মালিকদের দিকনির্দেশনা প্রদান করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এমপি জাহাঙ্গীর আলম বলেন, ব্যবসায়ীদের দায়িত্বশীল আচরণই পারে একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থা গড়ে তুলতে। তিনি ব্যবসায়ীদের অহেতুক হয়রানি না করে বরং সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে ত্রুটি সংশোধনের সুযোগ দিতে প্রশাসনের প্রতি আহ্বান জানান।মতবিনিময় সভায় বেকারি মালিক সমিতির নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। তারা দাবি করেন, কোনো প্রতিষ্ঠানে ত্রুটি পাওয়া গেলে প্রথমেই যেন বড় অংকের জরিমানা না করে সতর্কতামূলক নোটিশ দেওয়া হয়।
একই ভুলের পুনরাবৃত্তি ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, তবে জরিমানার পরিমাণ যেন সহনীয় পর্যায়ে রাখা হয়। সভায় বক্তারা বেকারি শিল্পের টেকসই উন্নয়ন এবং ভোক্তার আস্থা অর্জনে প্রশাসনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
জেলা বেকারি মালিক সমিতির সভাপতি মোঃ সাইফুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোঃ শামীম শেখের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বকর সিদ্দিক। এ ছাড়াও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ বোরহান উদ্দীন এবং নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহাসহ চেম্বারের পরিচালক ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বেকারি মালিকগণ অংশগ্রহণ করেন এবং স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিতে একমত পোষণ করেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন