মার্চ ৩, ২০২৬, ০৯:৪৬ পিএম
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বৃহত্তর রাজশাহী ছাত্র কল্যাণ সমিতির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ৩ মার্চ বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম-১ এ রাজশাহী জোনের অন্তর্ভুক্ত নওগাঁ, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর জেলার শিক্ষার্থীদের উপস্থিতিতে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষে তিন মাস মেয়াদী একটি নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।ইফতার মাহফিলকে কেন্দ্র করে বিকেল থেকেই অডিটোরিয়াম প্রাঙ্গণে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পদচারণায় অনুষ্ঠানস্থল এক উৎসবমুখর মিলনমেলায় পরিণত হয়। আয়োজকরা জানান, হাবিপ্রবিতে অধ্যয়নরত রাজশাহী অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে ভ্রাতৃত্ববোধ জোরদার করা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং যোগাযোগ সুদৃঢ় করার লক্ষ্যেই প্রতি বছরের মতো এবারও এই বিশাল ইফতারের আয়োজন করা হয়েছে।
অনুষ্ঠানে নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক সাগর তাঁর বক্তব্যে সংগঠনের আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, নবনির্বাচিত আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের জন্য দায়িত্ব গ্রহণ করেছে। এই সময়ের মধ্যে তিনি বৃহত্তর রাজশাহী জোনকে আবারও সক্রিয় করে তোলার লক্ষে কাজ করবেন। তাঁর প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে রাজশাহী জোনের সকল শিক্ষক ও শিক্ষার্থীদের একটি পূর্ণাঙ্গ ডেটাবেজ তৈরি করা এবং সংগঠনের জন্য একটি নতুন সংবিধান প্রণয়ন করা। একই সঙ্গে আগামী তিন মাসের মধ্যে একটি পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি উপহার দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
ইফতার মাহফিলে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রাজশাহী অঞ্চলের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ। সমিতির প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মোঃ শহিদুল ইসলাম শিক্ষার্থীদের দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং সংগঠনকে সক্রিয় করতে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন। এ সময় প্রফেসর ড. মোঃ নিজাম উদ্দীন শিক্ষার্থীদের কল্যাণে মেধাবৃত্তি চালুর বিষয়ে তাঁর আগ্রহ প্রকাশ করেন। পরিশেষে দেশ, জাতি ও বিশ্ববিদ্যালয়ের মঙ্গল কামনায় বিশেষ দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন