মার্চ ২০, ২০২৬, ১১:২৯ এএম
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ‘গ্রান্ড ইফতার ও পুনর্মিলনী-২০২৬’ সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৯ মার্চ বৃহস্পতিবার বিদ্যালয়ের ছাদে আয়োজিত এই ইফতার মাহফিলটি প্রাক্তন ও বর্তমান ছাত্র-শিক্ষকদের এক স্বতঃস্ফূর্ত মিলনমেলায় পরিণত হয়। অনুষ্ঠানে বিভিন্ন দশকের প্রাক্তন শিক্ষার্থীরা একত্রিত হয়ে তাদের স্কুলজীবনের স্মৃতিচারণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য বিনিময় করেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেহাদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এই সভাটি এক প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়।আলোচনা সভায় বক্তব্য রাখেন ১৯৭২ সালের এসএসসি ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী সৈয়দ মজিবুর রহমান, ১৯৮৬ সালের এসএসসি ব্যাচের মো. এনামুল হক এবং ১৯৮০ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থী ও বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গোলাম মোস্তফাসহ আরও অনেকে।
বক্তারা তাদের বক্তব্যে বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন এবং প্রাক্তন শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থেকে এলাকার সামাজিক উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানান। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেহাদুল ইসলাম তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের এমন মহতী উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে এই ধরনের আয়োজন আরও বৃহৎ পরিসরে করার পরামর্শ দেন।
দীর্ঘদিন পর সহপাঠী ও প্রিয় শিক্ষকদের একান্তে কাছে পেয়ে পুরো আয়োজনটি এক আবেগঘন পরিবেশে রূপ নেয়। ইফতারের ঠিক আগ মুহূর্তে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে ঝাড়বাড়ী দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।

সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি এই আয়োজনে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সামগ্রিকভাবে এই অনুষ্ঠানটি বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যকার আত্মিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে বিশেষ ভূমিকা পালন করেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন