মার্চ ২৬, ২০২৬, ১০:৪২ এএম
দিনাজপুরের বীরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল ৯টায় বীরগঞ্জ উপজেলা জামায়াত কার্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ জামায়াতে ইসলামী বীরগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের দিনাজপুর জেলা তারবিয়াত সেক্রেটারি মাওলানা মো. রবিউল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর দিনাজপুর জেলা অফিস সেক্রেটারি মাওলানা মো. সহিদুল ইসলাম খোকন এবং বাংলাদেশ শ্রমিককল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার সহ-সভাপতি ও জামায়াত মনোনীত বীরগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থী মো. রাশেদুন নবী বাবু।
বক্তারা তাদের বক্তব্যে ১৯৭১ সালের ২৬ মার্চের ঐতিহাসিক গুরুত্ব এবং ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মাধ্যমে অর্জিত স্বাধীনতার তাৎপর্য তুলে ধরেন। তারা মহান মুক্তিযুদ্ধে শহীদদের বীরত্বগাথা ও আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
বীরগঞ্জ উপজেলা জামায়াতের আমির মো. ক্বারী আজিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি পরিচালনা করেন সংগঠনের উপজেলা সেক্রেটারি মো. মনজুরুল ইসলাম। আলোচনা সভায় বক্তারা বলেন, স্বাধীনতার প্রকৃত চেতনা তখনই বাস্তবায়িত হবে যখন সমাজে ন্যায়বিচার, সাম্য এবং নৈতিক মূল্যবোধ সুপ্রতিষ্ঠিত হবে। তারা দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের সার্বিক উন্নয়নে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
বক্তারা আরও উল্লেখ করেন যে, স্বাধীনতা কোনো বিশেষ গোষ্ঠীর নয় বরং এটি পুরো জাতির সম্পদ। তাই দেশের সার্বভৌমত্ব রক্ষায় এবং জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির সমৃদ্ধি এবং স্বাধীনতা যুদ্ধে নিহত শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। সভায় স্থানীয় জামায়াত ও বিভিন্ন সহযোগী সংগঠনের উল্লেখযোগ্য সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন