এপ্রিল ২৪, ২০২৬, ০৭:৪৯ পিএম
দিনাজপুরের বীরগঞ্জ পৌরসভাকে একটি আধুনিক, বাসযোগ্য এবং নিরাপদ শহর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে নানামুখী উন্নয়ন পরিকল্পনা ও কঠোর নির্দেশনা দিয়েছেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য মনজুরুল ইসলাম। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে বীরগঞ্জ পৌরসভার হলরুমে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় তিনি এসব গুরুত্বপূর্ণ দিক-নির্দেশনা প্রদান করেন।
পৌর প্রশাসক দীপংকর বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় আসন্ন বাজেট পরিকল্পনা এবং বর্তমানে চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্পের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মনজুরুল ইসলাম পৌরসভার সকল কর্মকর্তা ও কর্মচারীদের উদ্দেশে বলেন যে, নির্বাচনী ইশতেহার অনুযায়ী সাধারণ জনগণের প্রত্যাশা পূরণ করাই বর্তমান প্রশাসনের প্রধান লক্ষ্য। তিনি টেকসই ও মানসম্মত উন্নয়ন নিশ্চিত করার ওপর বিশেষভাবে জোর দেন।
বিশেষ করে শহরের রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ও সংস্কার কাজে শতভাগ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার নির্দেশ দেন তিনি। সংসদ সদস্য স্পষ্ট জানিয়ে দেন যে, উন্নয়ন প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে হবে এবং যেকোনো কাজে কোনো ধরনের দুর্নীতি বা গাফিলতি পরিলক্ষিত হলে তা কঠোরভাবে দমন করা হবে।পৌর শহরের অন্যতম প্রধান সমস্যা যানজট নিয়ে এমপি অত্যন্ত কড়া ভাষায় কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, যেখানে-সেখানে যত্রতত্র বাস দাঁড়িয়ে থাকা এবং প্রধান সড়কের দুই ধারের ফুটপাতে অবৈধভাবে গড়ে ওঠা দোকানপাট এই যানজটের জন্য দায়ী।
শহরের স্বাভাবিক সৌন্দর্য ফেরাতে এবং সাধারণ মানুষের চলাচল নির্বিঘ্ন করতে দ্রুততম সময়ের মধ্যে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ ও স্থানান্তর করার নির্দেশ দেন তিনি। এই আদেশ অমান্য করলে আইনি ব্যবস্থা গ্রহণের ওপরও তিনি গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানে আগামীর বাজেট প্রণয়ন নিয়ে আলোচনা করতে গিয়ে মনজুরুল ইসলাম বলেন, আসন্ন বাজেটে এলাকার বাস্তব চাহিদা এবং সাধারণ মানুষের প্রয়োজনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে।
উন্নয়নের সুফল যেন প্রতিটি নাগরিক সমানভাবে ভোগ করতে পারে, সেভাবেই পরিকল্পনা সাজানোর নির্দেশ দেন তিনি। সভায় উপস্থিত পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে মাঠপর্যায়ে যেসব সমস্যার সম্মুখীন হন, তা সংসদ সদস্যের সামনে তুলে ধরেন। এমপি ধৈর্য সহকারে তাদের কথা শোনেন এবং বিদ্যমান সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। বীরগঞ্জ পৌরসভার সার্বিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে এবং একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে সকল পক্ষকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানানো হয় এই সভায়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন