বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

জিয়া হার্ট ফাউন্ডেশনে সফলভাবে বসল সিআরটি ডিভাইস

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ৩০, ২০২৬, ১১:৫২ পিএম

জিয়া হার্ট ফাউন্ডেশনে সফলভাবে বসল সিআরটি ডিভাইস

চিকিৎসা সেবায় নতুন সাফল্য ছবি-দিনাজপুর টিভি

দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল উত্তরাঞ্চলে চিকিৎসা সেবার নতুন মাইলফলক স্পর্শ করেছে। নওগাঁর ধামইরহাট এলাকার ৬৮ বছর বয়সী মো. জামাল উদ্দিনের হার্টে সিআরটি (কার্ডিয়াক রিসিনক্রোনাইজেশন থেরাপি) ডিভাইস বসানোর মাধ্যমে এই সাফল্য অর্জিত হয়েছে। উত্তরাঞ্চলের মধ্যে জিয়া হার্ট ফাউন্ডেশনেই প্রথম এই সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে জিয়া হার্ট ফাউন্ডেশন কর্তৃপক্ষ এক মতবিনিময় সভার মাধ্যমে এই তথ্য জানায়। এই গুরুত্বপূর্ণ কার্ডিয়াক পদ্ধতিটি সফলভাবে সম্পন্ন করেন জিয়া হার্ট ফাউন্ডেশনের হৃদরোগ ও মেডিসিন বিশেষজ্ঞ সিনিয়র কনসালটেন্ট কার্ডিওলিস্ট ডা. মো. মেসবাহ্উল ইসলাম।

মতবিনিময় সভায় ডা. মো. মেসবাহ্উল ইসলাম বলেন, সিআরটি ডিভাইস হলো হার্ট ফেইলরের রোগীদের জন্য একটি বিশেষ ধরণের যন্ত্র, যা হার্টের নিচের দুটি প্রকোষ্ঠের (ভেন্ট্রিকল) কাজের মধ্যে সমন্বয় ঘটায়। এটি রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। 

ইন্টারভেনশনাল কার্ডিওলজি প্রক্রিয়ার মাধ্যমে হৃদপিণ্ডের সাথে এই মেশিনটি সংযুক্ত করা হয়েছে। তিনি আরও জানান, এই ডিভাইস বসানোর ফলে রোগীর হৃদপিণ্ডের পাম্পিং ক্ষমতা বাড়ে এবং শ্বাসকষ্ট, ক্লান্তি ও বুক ধড়ফড় করার মতো উপসর্গগুলো উল্লেখযোগ্য হারে কমে আসে।অস্ত্রোপচার পরবর্তী অবস্থা সম্পর্কে রোগী মো. জামাল উদ্দিন জানান, শরীরে সিআরটি ডিভাইস বসানোর ফলে তাঁর শারীরিক জটিলতাগুলো অনেক কমে এসেছে। বর্তমানে তিনি সুস্থ বোধ করছেন।জিয়া হার্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক এ কে এম আজাদ বলেন, এই হাসপাতালে অন্যান্য চিকিৎসা নিয়েও অনেক রোগী সুস্থ হয়ে উঠছেন।

 

এই সাফল্য অভিজ্ঞ ডাক্তার ও নিবেদিত দলের নিরলস পরিশ্রমের ফল। মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক ডা. মো. জিয়াউল হক জিয়া, কোষাধ্যক্ষ মো. আনোয়ারুল কবির এবং ভারপ্রাপ্ত পরিচালক ডা. আশরাফুজ্জামান লিটনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।উল্লেখ্য, গত ২৪ এপ্রিল নওগাঁর জামাল উদ্দিনের শরীরে সিআরটি ডিভাইসটি স্থাপন করা হয়েছিল। মতবিনিময় সভা শেষে সুস্থ হয়ে ওঠা রোগীকে ফুলেল শুভেচ্ছা দিয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়।