মে ৪, ২০২৬, ০৯:২৫ পিএম
দিনাজপুরের বীরগঞ্জে চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদক কার্যকলাপের বিরুদ্ধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৪ মে) বিকাল ৩টায় বীরগঞ্জ পৌর শহরের পুরাতন জেলখানার মাঠ প্রাঙ্গণে যুবশক্তি ফাউন্ডেশনের উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম।
সভায় তিনি বলেন, সমাজ থেকে অপরাধ নির্মূল করতে হলে কেবল আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভর করলে হবে না। অপরাধীদের তৎপরতা বন্ধে সাধারণ জনগণের সম্মিলিত সচেতনতা ও প্রত্যক্ষ অংশগ্রহণ অত্যন্ত জরুরি বলে তিনি উল্লেখ করেন।
সভায় সভাপতিত্ব করেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার। তরুণ সমাজকে মাদক ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এ ক্ষেত্রে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিভিন্ন সামাজিক সংগঠনগুলোর সমন্বিত উদ্যোগ প্রয়োজন। সন্তানদের প্রতি অভিভাবকদের তদারকি বাড়ানোর আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. মোস্তফা কামাল। মতবিনিময় সভায় প্রশাসনের প্রতিনিধিসহ স্থানীয় বিভিন্ন সমাজসেবী সংগঠনের নেতা, শিক্ষাবিদ এবং সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। বক্তারা স্থানীয় পর্যায়ে অপরাধ প্রতিরোধে সামাজিক নজরদারি বৃদ্ধি এবং তরুণদের ইতিবাচক ও গঠনমূলক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর জোর দেন।
সভায় উপস্থিত বক্তারা মনে করেন, সামাজিক বন্ধন শক্তিশালী করা গেলে এলাকায় চুরি ও মাদকের মতো অপরাধ কমিয়ে আনা সম্ভব। সভা শেষে সচেতনতামূলক বার্তা সাধারণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন